ভোটের নির্ঘণ্ট কবে প্রকাশ হবে তা নিয়ে জলঘোলা চলছে। কয় দফায় ভোট করা হবে তা নিয়ে আলোচনা চলছে। তার আগে রাজ্যের আধিকারিকদের বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন। যাঁরা একই জায়গায় তিন বছরের বেশি সময় ধরে কর্মরত তাঁদের বদলি করতে হবে।তবে সদর দপ্তরে কাজ করা কর্তাদের ক্ষেত্রে সেই নিয়ম কার্যকর নয় বলেই জানা গিয়েছে।
নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশে বলা হয়েছে, বিডিও থেকে শুরু করে, মহকুমা শাসক, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক থেকে জেলা প্রশাসনের কর্তাদের বদলি করতে হবে। এছাড়াও, এসপি, অতিরিক্ত পুলিশ সুপার, আইজি, ডিআইজির মতো পুলিশ অফিসারওদের বদলির কথা বলা হয়েছে। এই মর্মে মুখ্যসচিবের কাছে নির্দেশ পাঠানো হয়েছে।
নির্দেশিকায় আরও জানানো হয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় জেলাশাসক, রিটার্নিং অফিসার, পুলিশ ইনস্পেক্টর পদে কর্মরত আধিকারিকেরা যে জেলায় দায়িত্বে ছিলেন, এ বার তাঁদের সেখানে বদলি করা যাবে না। অন্যদিকে আজ, মঙ্গলবার ৮৫০৫ জন গ্রুপ বি কর্মীদের তালিকা কমিশনকে নবান্ন।
এদিকে, ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে জানিয়েছে নির্বাচন কমিশন। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি পর্ব। চূড়ান্ত তালিকায় নাম বাদ যাওয়া ভোটাররা জেলাশাসকদের কাছে আবেদন জানাতে পারবেন। সেখানে নাম বাদ গেলে তাঁরা সিইও দপ্তরে আবেদন জানাতে পারবেন বলে জানানো হয়েছে।
