shono
Advertisement
WB Assembly Election 2026

মোথাবাড়ি থেকে ট্রাইব্যুনাল গঠন, বুধেই মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে জ্ঞানেশ কুমার

বৈঠকে থাকবেন সমস্ত পর্যবেক্ষক, পুলিশ সুপার, জেলাশাসকরা। এমনকী সিইও মনোজ আগরওয়ালও এই বৈঠকে থাকবেন বলে জানা যাচ্ছে।
Published By: Kousik SinhaPosted: 02:04 PM Apr 07, 2026Updated: 03:08 PM Apr 07, 2026

মোথাবাড়ির ঘটনায় সুপ্রিম তোপের মুখে পড়তে হয়েছে রাজ্য প্রশাসনকে। আদালতের তীব্র ‘ভর্ৎসনা'র মুখে পড়তে হয়েছে কমিশন নিযুক্ত রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা ও মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালকে। শুধু তাই নয়, ট্রাইব্যুনাল গঠন নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। এই পরিস্থিতি জরুরি বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। আগামিকাল বুধবার রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ সমস্ত পর্যবেক্ষক, পুলিশ সুপার, জেলাশাসকদের সঙ্গে এই বৈঠক হবে। জানা যাচ্ছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই বৈঠক হতে পারে। বৈঠকে থাকবেন সিইও মনোজ আগরওয়ালও।

Advertisement

আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট (WB Assembly Election 2026)। ভোট হবে বাংলার ১৫২টি আসনে। কিন্তু তার আগেই গত পয়লা এপ্রিল সকাল থেকেই মালদহের কালিয়াচক একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। এসআইআরে নাম বাদ যাওয়ার প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। জনরোষ আছড়ে পড়ে এসআইআরের কাজে যাওয়া বিচারকদের উপর। যার জেরে রাতদুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচক। অভিযোগ, বিক্ষোভকারী জনতা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক ২ বিডিও অফিসে আটকে রাখেন সাতজন জুডিশিয়াল অফিসারকে। তাঁদের মধ্যে ছিলেন মহিলা-সহ ৩ জন বিচারকও। শেষমেশ গভীর রাতে ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে বিশাল পুলিশবাহিনী। ঘটনার রেশ গড়িয়েছে সুপ্রিম কোর্ট। ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সুপ্রিম তোপের মুখে পড়তে হয়েছে রাজ্য প্রশাসনকে। 

এই পরিস্থিতিতে সোমবার রাতে এসআইআরের তালিকায় বিচারাধীন ভোটারদের নামের নিষ্পত্তি করে ফেলেছে কমিশন। যদিও এখনও ট্রাইব্যুনাল গঠন হয়নি। এই সংক্রান্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে বুধবারের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, ভোট প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে সে বিষয়ে বিস্তারিত খোঁজ জেলাপ্রশাসন এবং পর্যবেক্ষকদের কাছ থেকে নিতে পারে কমিশন। শুধু তাই নয়, ট্রাইব্যুনাল গঠন এবং মোথাবাড়ির প্রসঙ্গও এই বৈঠকে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement