shono
Advertisement
West Bengal Weather Update

ফের নামল পারদ! ফেব্রুয়ারির শহরে নতুন করে শীতের আমেজ

সরস্বতীর পুজোর পর থেকেই কার্যত ভ্যানিশ হয়ে গিয়েছিল শীত। চলতি বছরে জানুয়ারির শেষভাগেও শীতের আমেজ খুব একটা টের পাওয়া যায়নি।
Published By: Tiyasha SarkarPosted: 10:45 AM Feb 03, 2026Updated: 02:54 PM Feb 03, 2026

সরস্বতীর পুজোর পর থেকেই কার্যত ভ্যানিশ হয়ে গিয়েছিল শীত। চলতি বছরে জানুয়ারির শেষভাগেও শীতের আমেজ খুব একটা টের পাওয়া যায়নি। সকলেই ভেবেছিলেন, এবছরের মতো বোধ হয় শীতের পালা সাঙ্গ। কিন্তু মঙ্গলবার সকালে বদলেছে আবহাওয়া। তিলোত্তমার তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রির ঘরে। ফেব্রুয়ারির শহরে নতুন করে শীতের আমেজ। কুয়াশায় ঢেকেছে পথঘাট। স্বাভাবিকভাবেই কমেছে দৃশ্যমানতা। ফলে বেশ কিছুটা দেরিতে চলছে ট্রেন।

Advertisement

ফাইল ছবি।

মঙ্গলবার সকাল থেকেই কুয়াশা দাপট দেখাচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলায়। কুয়াশায় মুড়েছে কলকাতা ও সংলগ্ন এলাকা। বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। ফলে শহর ও জেলায় শীতের আমেজ। হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত ওঠানামা করবে তাপমাত্রা। এদিন কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী কয়েকটা দিন উপকূল সংলগ্ন জেলাগুলিতে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে পারদ। তবে বেলা বাড়তেই শীতের আমেজ কমবে। অনুভূত হবে গরম।

ফাইল ছবি।

জানা গিয়েছে, উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে পারদ। উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলোতে ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা। উল্লেখ্য, হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখন্ডে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বর্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে। চরম ঘন কুয়াশার সতর্কতা উত্তরপ্রদেশ, দিল্লিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement