রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুর্যোগ চলবে মঙ্গলবার পর্যন্ত। তার আগে আর্দ্রতাজনিতে অস্বস্তি বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে কলকাতাবাসীকে। উত্তরবঙ্গে দার্জিলিং-সহ পার্বত্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে। রবি ও সোমবার বৃষ্টি কিছুটা কমলেও মঙ্গলবার থেকে ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।
মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর থেকে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে রাঁচি ও দিঘার উপর দিয়ে এটি উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপর অবস্থান করছে। শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে।
সোমবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা উপকূলের দুই জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে।
শনিবার উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। তবে রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কম। ভারী বৃষ্টির সতর্কতা নেই। মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বুধবার কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
আজ, শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে। বৃষ্টির সম্ভাবনা সামান্য। দু-এক পশলা বৃষ্টি হতে পারে।
