স্টাফ রিপোর্টার: জাকারিয়া স্ট্রিটের রত্ন ব্যবসায়ী খুনের ঘটনায় ধৃতকে জেরা করে উদ্ধার হল লুট হওয়া ৬টি মূল্যবান রত্ন। একই সঙ্গে উদ্ধার হল ডাকাতির ৯২ হাজার টাকাও। এই ঘটনার সঙ্গে যুক্ত আরও তিন ডাকাতের সন্ধান চলছে।
[আধার বাধ্যতামূলকের বিরোধিতায় এবার সুপ্রিম কোর্টে মমতা]
পুলিশ জানিয়েছে, রত্ন ব্যবসায়ী মহম্মদ সেলিম খুনের ঘটনায় অভিযুক্ত রত্ন কারবারি মহম্মদ আসার ফিরদৌসিকে গ্রেপ্তার করে জেরা করা হয়। জেরার মুখে সে স্বীকার করে যে, লুট হওয়া কিছু রত্ন ও টাকা সে নিজের কাছে রেখেছে। সেইমতো একবালপুরে পুলিশ তল্লাশি চালায়। ভূকৈলাস রোডের বাসিন্দা ফিরদৌসি পুলিশকে জানায়, সে নিজে খুনের সময় দোকানের ভিতর না থাকলেও যেহেতু ডাকাতির ছক সেই-ই করেছিল, তাই মূল্যবান রত্ন ও টাকা সে নিজের কাছেই রাখতে চায়। সেইমতো ডাকাতির পর পালানোর আগে সঙ্গী ডাকাতরা ফিরদৌসির হাতে দিয়ে যায় ৬টি রত্ন ও টাকা। সেগুলি সে একটি প্লাস্টিকের প্যাকেটে করে তারই এক পরিচিতকে রাখতে দেয়। ওই পরিচিত জানতেন না যে, সেগুলি লুটপাটের। ফিরদৌসি নিজেও রত্ন কারবারি বলে কেউ তাকে সন্দেহও করেননি।
পুলিশের ধারণা, আরও কয়েকটি রত্ন ও কিছু টাকা অন্য ডাকাতদের কাছে রয়েছে। যদিও এই তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে। ওই ৬টি রত্ন ফিরদৌসি কিছুদিন পর অন্য শহরের রত্ন ব্যবসায়ীদের কাছে বিক্রি করার ছক কষেছিল। অন্য ডাকাতদের সন্ধানে বিহার ও ঝাড়খণ্ডে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
[প্রাথমিকের টেট-এ বসতে পারবেন প্রশিক্ষণরতরাও, নির্দেশ হাই কোর্টের]
