২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও এই দফাতেই ভোট। এই কারনে ভোটের দিন ও আগের দিন কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ ও পার্কিংয়ের ক্ষেত্রেও বেশকিছু বিধিনিষেধ থাকবে। একইরকমভাবে ভোট গণনার দিন অর্থাৎ ৪মে-তেও জারি থাকবে যান নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ম। কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে বিকল্প রুটও।
কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ এপ্রিল ও ২৯ এপ্রিল ভোর ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বেশকিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। আলিপুর জর্জ কোর্ট থেকে আলিপুর রোড ক্রসিং পর্যন্ত পশ্চিমমুখী রাস্তা বন্ধ থাকবে। বিকল্প হিসেবে গাড়িগুলোকে উত্তর ও দক্ষিণমুখী আলিপুর রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। বাকের রোড থেকেও গাড়ি ঘোরানো হতে পারে। কসবার অ্যাক্রোপলিস মল ও গীতাঞ্জলি স্টেডিয়ামের পিছনের রাস্তা দিয়ে একমুখী যান চলাচল হবে। দুপুর ১টার পর থেকে কালীদাস পুততুণ্ড লেনের দিক দিয়ে গাড়ি যাওয়ার ব্যবস্থা থাকবে। হাজরা ক্রসিংয়ের পশ্চিমমুখী গাড়িগুলিকেও উত্তর ও দক্ষিণ দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত হরিশ মুখার্জি রোডে পশ্চিমমুখী গাড়ি চলাচলে বিধিনিষেধ থাকছে। অকল্যান্ড রোড ও লর্ড সিনহা রোডও পুরোপুরি বন্ধ থাকবে।
গণনার দিন সকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ডায়মন্ড হারবার রোডের উত্তরমুখী যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। একবালপুর ক্রসিং থেকে গাড়িগুলিকে স্ট্র্যান্ড রোড এবং দক্ষিণমুখী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড, প্রিন্স আনোয়ার শাহ রোডেও যান চলাচল নিয়ন্ত্রণ হবে। ঠাকুরপুকুর থানা থেকে ঠাকুরপুকুর বাজারের মধ্যেকার রাস্তাতে যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে। গণনার দিন বালিগঞ্জ সার্কুলার রোড, রিচি রোড, শরৎ বোস রোড, বেলতলা রোড, পালিত রোড, পদ্মপুকুর রোড, লাভলক রোড, চক্রবেড়িয়া রোড, ডোভার লেন, দেওদার স্ট্রিট ও লর্ড সিংহ রোড বন্ধ থাকার সম্ভাবনাও আছে। এছাড়াও পশ্চিমমুখী এসপ্ল্যানেড রো-এর রাস্তা বন্ধ থাকবে।
উল্লেখিত তিনদিনই শহরের বেশ কিছু এলাকায় পার্কিংয়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। বালিগঞ্জ সার্কুলার রোড, রিচি রোড, শরৎ বোস রোড, বেলতলা রোড, পালিত রোড, পদ্মপুকুর রোড, লাভলক রোড, চক্রবেড়িয়া রোড, ডোভার লেন, দেওদার স্ট্রিট ও বাল্মিকী স্ট্রিটে গাড়ি পার্কিংয়ে বিধিনিষেধ। এছাড়াও অ্যাক্রোপলিস মল, গীতাঞ্জলি স্টেডিয়ামের সামনে, রাজডাঙা মেন রোড, বিবেকানন্দ কলেজের সামনে, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বর, অকল্যান্ড রোড থেকে কিরণ শঙ্কর রায় রোড—স্ট্র্যান্ড রোড জুড়েও থাকবে পার্কিংয়ে কড়াকড়ি। বিটি রোডের একাধিক অংশও থাকবে বিধিনিষেধের আওতায়।
আপাতত কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী, এই সকল রাস্তায় নিষেধাজ্ঞা আরোপ করা হলেও প্রয়োজন মতো কিছু রাস্তায় যান চলাচলের ক্ষেত্রে নিয়ম শিথিল হতে পারে বা যানজট এড়াতে বিকল্প রাস্তায় গাড়ি ঘুরিয়েও দিতে পারে পুলিশ।
