আরও একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি হয়। সেখানেই কমিশন আগামী ৭ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন থাকা সমস্ত ভোটারের তথ্য নিষ্পত্তি হয়ে যাবে বলে জানায়। শুধু তাই নয়, বিচারাধীন থাকা মোট ৬০ লক্ষ নামের মধ্যে ৪৭ লক্ষ নামের তথ্য নিষ্পত্তি হয়ে গিয়েছে বলেও সুপ্রিম কোর্টকে জানিয়েছেন হাই কোর্টের প্রধান বিচারপতি। এর মধ্যেই বুধবার রাতে সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। আর সেখানে বলা হয়েছে, বুধবার পর্যন্ত মোট ৪৯ লক্ষ ৬২ হাজার ৮৫০ জনের নামের নিষ্পত্তি হয়েছে। তবে এর মধ্যে কত নাম বাদ গিয়েছে তা স্পষ্ট করেনি নির্বাচন কমিশন।
বুধবার রাতে সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। আর সেখানে বলা হয়েছে, বুধবার পর্যন্ত মোট ৪৯ লক্ষ ৬২ হাজার ৮৫০ জনের নামের নিষ্পত্তি হয়েছে। তবে এর মধ্যে কত নাম বাদ গিয়েছে তা স্পষ্ট করেনি নির্বাচন কমিশন।
এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, বিচারাধীনের তালিকায় রয়েছে ৬০ লক্ষ নাম। এই অবস্থায় ‘বিচারাধীন’দের নিষ্পত্তি করে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে শুরু করে নির্বাচন কমিশন। বুধবারের তথ্য অনুযায়ী ৬০ লক্ষ বিচারাধীনের মধ্যে প্রায় ৪৯ লাখ ৬২ হাজার ৮৫০ জন নামের তথ্য যাচাই হয়েছে। যদিও এখনও পর্যন্ত প্রায় ১০ লক্ষের কিছু বেশি ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে। তাঁদের নিষ্পত্তির পরই জানা যাবে, বাদ পড়া ভোটারের সংখ্যা ঠিক কত। কতজনই বা চূড়ান্ত তালিকায় স্থান পেলেন।
কমিশন সূত্রে খবর, যেভাবে কাজ চলছে কয়েকদিনের মধ্যে বাকি থাকা ১০ লক্ষ নামের নিষ্পত্তি হয়ে যাবে। তারপরও যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আজ বৃহস্পতিবার থেকেই বিশেষ এই ট্রাইব্যুনাল কাজ শুরুর কথা ছিল। জানা যাচ্ছে, পরিকাঠামোর অভাবে আজ থেকে শুরু করা সম্ভব হল না ট্রাইব্যুনালের কাজ। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে ট্রাইব্যুনালে যে বিচারপতিরা রয়েছেন, তাঁদের কেউ কেউ এই কাজ থেকে অব্যাহতি চেয়েছেন। ফলে কবে ট্রাইব্যুনাল কার্যকর করবে, সে বিষয়ে বিস্তর সংশয় তৈরি হয়েছে।
