shono
Advertisement
WB Assembly Election 2026

'আকাশে-বাতাসে সর্বত্রই আমি, পালাবে কোথায়?' কমিশন-শাহকে চ্যালেঞ্জ অভিষেকের

"আকাশে-বাতাসে সর্বত্রই আমি রয়েছি। পালাবে কোথায়? ফাঁস করে দিয়েছি।" দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে জনসভা থেকে ফের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফার ভোটের আগে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পাঁচজন পুলিশ অফিসারকে বদল করেছে কমিশন।
Published By: Suhrid DasPosted: 07:45 PM Apr 26, 2026Updated: 08:57 PM Apr 26, 2026

"আকাশে-বাতাসে সর্বত্রই আমি রয়েছি। পালাবে কোথায়? ফাঁস করে দিয়েছি।" দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে জনসভা থেকে ফের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দ্বিতীয় দফার ভোটের আগে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পাঁচজন পুলিশ অফিসারকে বদল করেছে কমিশন। সেই বিষয়কে সামনে রেখে কমিশন-বিজেপির 'গোপন আঁতাঁত' নিয়ে ফের অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুধু তাই নয়, প্রথম দফার ভোটে তৃণমূল কংগ্রেস আসন জয়ের হিসেবে একশো পেরিয়েছে। দ্বিতীয় দফায় কফিনের শেষ পেরেক দক্ষিণ ২৪ পরগনাই গণতান্ত্রিকভাবে মারবে। এদিন জোর গলায় সেই বার্তাও দিয়েছেন তিনি।

Advertisement

ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার পাঁচজন পুলিশ অফিসারকে বদল করা হয়েছে। ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা। ফলে এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোলও পড়েছে। আজ, রবিবার উস্তির স্কুল মাঠে মগরাহাট (পশ্চিম) কেন্দ্রের তৃণমূল প্রার্থী শামীম আহমেদ ও মগরাহাট (পূর্ব) কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিষ্ঠা পুরকাইতের সমর্থনে সভা করেন অভিষেক। সেখানেই নির্বাচন কমিশন ও অমিত শাহকে নিশানা করে চ্যালেঞ্জ জানিয়েছেন অভিষেক। তিনি বলেন,
"ডায়মন্ড হারবার পুলিশ জেলার পাঁচজন পুলিশ অফিসারকে পরিবর্তন করে অভিষেক ব্যানার্জিকে জব্দ করবে ভাবছে। আমি জ্ঞানেশ কুমার আর অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, চার তারিখ দেখা হবে।" 

এদিন পূর্ব বর্ধমানের কাটোয়ায় সভা ছিল। আকাশপথে সেখানে যাওয়ার সময় সভাস্থলের ছবি চপার থেকে তোলেন স্বয়ং অভিষেক।

এরপরই কমিশনকে কাঠগড়ায় তুলেছেন তিনি। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, "ভেবেছিল, পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলের ঘরে গোপন বৈঠক করলে কেউ ধরতে পারবে না। আকাশে-বাতাসে সর্বত্রই আমি রয়েছি। পালাবে কোথায়? ফাঁস করে দিয়েছি। চোর চুরি করেছে। আর চুরি ধরেছে বলে পাঁচজন পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।" তিনি আরও বলেন, "পাঁচজন অফিসারকে চেঞ্জ করে অভিষেক ব্যানার্জিকে জব্দ করবে ভেবেছে। মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে যুদ্ধ না করে যারা ভাবছেন ইডি, সিবিআই, নির্বাচন কমিশনকে ব্যবহার করে তৃণমূলকে জব্দ করবেন, তাঁদের ৪ তারিখ বোঝাব কত ধানে কত চাল।"

এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিশনকে চ্যালেঞ্জ করে অভিষেক বলেন, "অমিত শাহ ৪ তারিখ বাংলায় থাকবেন। জ্ঞানেশ কুমারকেও আমন্ত্রণ জানাচ্ছি ওইদিন, দেখা হবে। প্রথম দফার ভোটে সেঞ্চুরি হয়ে গিয়েছে তৃণমূলের। দ্বিতীয় দফায় কফিনের শেষ পেরেকটা দক্ষিণ ২৪ পরগনাই গণতান্ত্রিকভাবে মারবে। আমাকে কত আঘাত করার চেষ্টা করেছে। আমার মা, বাবা, স্ত্রী, পুত্র-কন্যাকেও ছাড়েনি। কিন্তু বিজেপির গদ্দারদের কাছে মাথানত করিনি।" এদিন ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের সমর্থনে রোড শো করেন অভিষেক। তিনি বলেন, "চ্যালেঞ্জ করছি, ঘাড় ধরে ওই পুলিশ পর্যবেক্ষক পুরুষোত্তম দাস এবং তাঁর পিতৃদেব জ্ঞানেশ কুমারকে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে যদি ব্যবস্থা না করতে পারি, তবে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়।"

আইএসএফ বিজেপির বি-টিম! এদিন সভামঞ্চ থেকে সেই কটাক্ষ করে অভিষেকের প্রশ্ন, "ওপেন চ্যালেঞ্জ করছি নওশাদ সিদ্দিকীকে, কিসের ডিল হয়েছে বিজেপির সঙ্গে?"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement