shono
Advertisement

Breaking News

Abhishek Banerjee

'হারি বা জিতি, বেছে বেছে বের করব', মিতালী বাগের উপর হামলায় হুঙ্কার অভিষেকের

তৃণমূল সাংসদ মিতালি বাগের উপর হামলার প্রতিবাদে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের। তিনি বলেন, 'আমি জানি হামলার কারা যুক্ত। ৪ তারিখের পর সব হিসেব হবে। মমতা ব্যানার্জি উদার, আমি নই। মিতালীর উপর হামলা করে ওঁরা খেলা শুরু করেছে। শেষ করব আমি।'
Published By: Arpita MondalPosted: 03:47 PM Apr 27, 2026Updated: 04:51 PM Apr 27, 2026

দ্বিতীয় দফার নির্বাচনে সোমবার আরামবাগে শেষ লগ্নের প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জনসভায় যাওয়ার পথেই আক্রান্ত আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগ। গোঘাট থেকে আরামবাগে যাওয়ার পথেই সাংসদের গাড়ি ব্যাপক ভাঙচুরের অভিযোগ। সেই হামলার প্রতিবাদে এবার আরামবাগে দাঁড়িয়েই বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন অভিষেক।

Advertisement

তিনি বলেন, "আমি জানি হামলার সঙ্গে কারা যুক্ত। সিসিটিভি ফুটেজ দেখে বেছে বেছে বের করব। আরামবাগে তৃণমূল হারুক বা জিতুক, ৪ তারিখের পর সব হিসেব হবে।" তাঁর দাবি, "আমার নজর সবার উপরে আছে। যাঁরা ভাবছে মিতালীর উপর কারা হামলা করেছে আমরা জানি না, তাঁরা ভুল ভাবছে। সোমাশ্রী, সোমাশ্রীর স্বামী, সৌমেন পাল, দোলন। এই চারজন প্রাথমিকভাবে যুক্ত, আরও যাঁরা যুক্ত তাঁদের সিসি ক্যামেরা দেখে বেছে বেছে বের করব।" এদিন খবর পেতেই সভাস্থলে পৌঁছনোর আগেই আক্রান্ত সাংসদকে দেখতে হাসপাতালে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন, "হাসপাতালে মিতালীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, জিজ্ঞাসা করেছি। কিন্তু ওঁর অবস্থা এতটাই খারাপ,কিছু বলতে পারছে না।"

আক্রান্ত মিতালী বাগকে দেখতে হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের হুঙ্কার, "তফসিলি মহিলার গায়ে যারা হাত দিয়েছে। ৪ তারিখে তৃণমূল জিতুক বা হারুক, সবার হিসেব হবে। গতবার আরামবাগে খানাকুল, পুরশুড়া, গোঘাটে তৃণমূল জিততে পারেনি। গতবার আমাদের উদারতায় পার পেয়ে গেছিলেন। ৪ তারিখ ১২ টার পরে আমি সব দেখব। যারা আক্রমণের সঙ্গে যুক্ত, তাদের জীবন আগামীদিনে খুব কঠিন হতে চলেছে, সতর্ক করলাম।"

সিপিএম-বিজেপিকে একযোগে আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, "সিপিএমের হার্মাদরা বিজেপির জহ্লাদ হয়েছে। সিপিএমের পার্টি অফিস থেকে মাছ চাষের ফতোয়া জারি করা হত। মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে, তারা পদ্মফুলের ছায়ায় গিয়ে এখন কাস্তে চালাচ্ছে।" অভিষেক বলেন, "মমতা ব্যানার্জি উদার, আমি নই। আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে, ৪ তারিখ ডিজে বাজবে। খেলা ওরা শুরু করেছে মিতালির উপর আক্রমণ করে। শেষ আমি করব।"

উল্লেখ্য এদিন সকালে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোঘাটের বর্মা। অভিযোগ, তৃণমূল কর্মী-সমর্থকরা বিজেপির মিছিলে হামলা করে। কমপক্ষে ১০০ জন জখম হন। তাঁরা আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি। এই ঘটনার কয়েকঘণ্টা পরই ‘আক্রান্ত’ সাংসদ। এই ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement