প্রার্থী না-পসন্দ। বহিরাগত রেখা পাত্র নন, টিকিট দিতে হবে ভূমিপুত্রকেই। এই দাবিতে রবিবার দুপুরে কলকাতার সল্টেলেকে বিজেপির কার্যালয়ে হাজির হলেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের নেতা-কর্মীরা। রীতিমতো বিক্ষোভ দেখান তাঁরা। সোশাল মিডিয়ায় সেই ভিডিওই পোস্ট করলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা বেলেঘাটা আসনের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। লিখলেন, "আগে ঘর সামলা। পরে ভাববি বাংলা।"
ছাব্বিশে বাংলা (WB Assembly Election 2026) দখলের মরিয়া চেষ্টা চালাচ্ছে পদ্মশিবির। তৃণমূলকে টক্কর দেওয়া কার্যত অসম্ভব জানা সত্ত্বেও এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি। ভোটযুদ্ধে জিততে দিল্লিতে তৈরি করা হয়েছে রণকৌশল। হালে পানি পেতে অনেক চিন্তাভাবনা করে প্রার্থী বাছাই করেছেন শীর্ষ নেতারা। একাধিক বিদায়ী বিধায়কের আসন বদল করা হয়েছে। কিন্তু সেই তালিকা প্রকাশিত হতেই দেখা যাচ্ছে, দিকে দিকে বিক্ষোভ। বহু এলাকার কর্মী-সমর্থকদেরই পছন্দ হয়নি প্রার্থী। সেই তালিকায় রয়েছেন সন্দেশখালি কাণ্ডে চর্চায় আসা রেখা পাত্রও। ছাব্বিশে তাঁকে হিঙ্গলগঞ্জ আসনে প্রার্থী করেছে বিজেপি। যা মোটেই ভালোভাবে নেননি এলাকার বিজেপি নেতা-কর্মীরা। কারণ, হিঙ্গলগঞ্জের বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, বহিরাগত কেউ নন, প্রার্থী হিসেবে ভূমিপুত্রকেই চান তাঁরা। নিজেদের দাবি নিয়ে রবিবার সল্টলেকে বিজেপির দপ্তরে বিক্ষোভে শামিল হন বিক্ষুদ্ধরা। ওঠে গো ব্যাক স্লোগান। বিক্ষুদ্ধ কর্মীদের সাফ কথা, অবিলম্বে প্রার্থী বদল করতে হবে। বহিরাগত রেখাকে মানতে রাজি নন তাঁরা।
সেই বিক্ষোভের ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন, তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা বেলেঘাটা আসনের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। খোঁচা দিয়ে লিখেছেন, 'আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা। বিজেপির মিডিয়া-মেড বিপ্লবী রেখা পাত্রর প্রার্থীপদের বিরুদ্ধে বিজেপির পার্টি অফিসে বিজেপি কর্মীদেরই বিক্ষোভ।' যদিও এই বিক্ষোভ নিয়ে মুখ খোলেনি বঙ্গ বিজেপি।
