shono
Advertisement
West Bengal Assembly Election

ভবানীপুরে দুয়ারে মমতা! নিজের কেন্দ্রে প্রচারে চমকে দেওয়া কোন কৌশল নিলেন 'দিদি'?

রাজ্যজুড়ে প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নিজের কেন্দ্রেও প্রচার শুরু করলেন নেত্রী। তবে অন্যদের থেকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিক, ভঙ্গিমায় মমতার প্রচার দেখল ভবানীপুর। ডোর টু ডোর ক্যাম্পেন শুরু করলেন তিনি। নিজের নির্বাচনী কেন্দ্রের একাধিক আবাসনে ঢুকে প্রচার করতে দেখা গেল তাঁকে।
Published By: Suhrid DasPosted: 12:06 AM Apr 21, 2026Updated: 12:12 AM Apr 21, 2026

রাজ্যজুড়ে ভোটের প্রচারে ব্যস্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নিজের কেন্দ্রেও প্রচার শুরু করলেন নেত্রী। তবে অন্যদের থেকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিক, ভঙ্গিমায় মমতার প্রচার দেখল ভবানীপুর। 'ডোর টু ডোর' ক্যাম্পেন শুরু করলেন তিনি। নিজের নির্বাচনী কেন্দ্রের একাধিক আবাসনে ঢুকে প্রচার করতে দেখা গেল তাঁকে। লর্ড সিনহা রোডের হাইরাইজ, সেক্সপিয়র সরণির আবাসনে গিয়ে নিজের ভোটের প্রচার সারলেন তিনি। ভবানীপুরে মানুষের দুয়ারে পৌঁছে গেলেন 'দিদি'। 

Advertisement

আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার নির্বাচন। তৃণমূল প্রার্থীদের হয়ে প্রতিদিন একাধিক জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতার বেলেঘাটায় তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের সমর্থনে প্রচারে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এরপর দক্ষিণ কলকাতা পৌঁছে যান। সোজা চলে যান সেক্সপিয়র সরণি। সেক্সপিয়র সরণি থানার উল্টোদিকে একটি সভা করেন তিনি। তবে সেই সভা অন্য সব কিছুর থেকে আলাদা। কারণ, কোনও মঞ্চ নয়, একজন দাঁড়াতে পারবে এমন ছোট্ট একটি জায়গা স্টেজ হিসেবে ব্যবহার করা হয়। কিছু সময় বক্তব্য রাখেন সুপ্রিমো।

এরপর তিনি গঙ্গা-যমুনা নামক একটি আবাসনে ঢুকে সেখানকার বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করেন। সকলকে একসঙ্গে থাকতে হবে, সেই অঙ্গীকার করে বাসিন্দাদের কাছে ভোটের আবেদন করেন। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত বড় জনসভা, পদযাত্রা করে থাকেন। এভাবে ভোটমুখী জনসংযোগ অতীতে শেষ কবে নেত্রীকে করতে দেখা গিয়েছে, সেই নিয়েও চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। নিজের কেন্দ্রে কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে একাধিক কৌশল নিয়েছেন? 'দিদি' হিসেবে মানুষের একদম কাছে পৌঁছে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর? সেই প্রশ্ন উঠছে। 

আবাসনে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গত ১৫ বছরে ভবানীপুর ও কলকাতায় উন্নয়নে সরকার কী কী পদক্ষেপ করেছে, সেই বিষয়ে এদিন তাঁকে বলতে শোনা যায়। ভবানীপুরের বিধায়ক হিসেবে তিনি কী কী করেছেন, সেই বিষয়ও বাসিন্দাদের সঙ্গে কথাবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। পরিষেবা সংক্রান্ত একাধিক বিষয়ে নাগরিক সমাজের বক্তব্য কী? তাঁদের মধ্যে কোন কোন অভিযোগ আছে? সেই বিষয়ও বাসিন্দাদের থেকে শোনার চেষ্টা করেন তৃণমূল নেত্রী। বাসিন্দারাও একাধিক বিষয়ে কথা বলেছেন তাঁর সঙ্গে। আগামী দিনে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করলে এলাকার পরিকাঠামো ও সার্বিক উন্নয়নে কী কী পদক্ষেপ করা হবে? সেই পরিকল্পনাও বাসিন্দাদের সঙ্গে কথোপকথনের সময় তৃণমূল নেত্রী রেখেছেন।

প্রসঙ্গত, গতকাল রবিবার কলকাতার লেডিজ পার্কেও স্থানীয়দের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের কেন্দ্রে ভোটারদের দুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাওয়ার কর্মসূচি নিয়েছেন। মানুষের আরও আস্থা অর্জনে এক বড় পদক্ষেপ। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement