মন্দিরের পথে তীর্থযাত্রী বোঝাই নৌকোডুবি মহারাষ্ট্রের বীড় জেলার গোদাবরী নদীতে। একটি নৌকোয় ৩৫ যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। পারাপারের সময় মাঝনদীতে সেটি আচমকা উলটে যায়। এই ঘটনায় অনেকেই নিখোঁজ। এখনও পর্যন্ত একজন মহিলার দেহ উদ্ধার হয়েছে। ডুবুরি নামিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন।
বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ গোলেগাঁও অঞ্চলে গোদাবরী নদীতে দুর্ঘটনা ঘটে। নদী ডিঙিয়ে পুরুষোত্তমপুরীতে যাচ্ছিল তীর্থযাত্রী বোঝাই নৌকোটি। সেখানেই রয়েছে পুরুষোত্তম দেবতার মন্দির। জায়গাটি মাজালগাঁও তহশিল থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত। অভিযোগ, যাত্রীধারণ ক্ষমতার তুলনায় বেশি যাত্রী নিয়ে যাচ্ছিল নৌকোটি। ঘাট ছেড়ে কিছুটা যেতেই কাত হয়ে ডুবে যায় সেটি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে নৌকোতে ৩৫ জনকে তোলা হয়েছিল। নৌকো উলটে যেতেই সব যাত্রী জলে পড়ে যান। অনেকে সাঁতার কেটে পাড়ে ওঠেন। যদিও কিছু যাত্রী স্রোতের টানে ভেসে যান।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। প্রাথমিকভাবে যাত্রীদের উদ্ধারে নামেন স্থানীয়রা। পরে ডুবুরি নামানো হয়। বেশ কয়েক জনকে জল থেকে উদ্ধার করেন তাঁরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এক মহিলা যাত্রীর দেহ উদ্ধার হয়েছে। খোঁজ মিলছে না অনেকের। ফলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বীড় জেলা প্রশাসন।
