ভোটের (West Bengal Assembly Election) মুখে অন্তর্বর্তী জামিনে মুক্ত হয়েছেন একাধিক অপরাধমূলক মামলা অভিযোগ থাকা শহরের কুখ্যাত দুষ্কৃতী রাকেশ সিং (Rakesh Singh)। তারপরই তাঁকে কলকাতা বন্দর এলাকার প্রার্থী করেছে বিজেপি। বন্দরের হেভিওয়েট তৃণমূল প্রার্থী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে লড়াই করবেন তিনি। কিন্তু প্রার্থী হয়েও অব্যাহত তাঁর দৌরাত্ম্য! সোমবার রাতে একবালপুরে প্রচারের সময় থানার সামনে তৃণমূলের সঙ্গে ঝামেলা, অশান্তি উসকে দেওয়ার অভিযোগে রাকেশ সিংয়ের বিরুদ্ধে দায়ের হল জোড়া এফআইআর। এই ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে বলে খবর। ধৃতদের বেশিরভাগ বিজেপি কর্মী। ঘটনাটি নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে।
ঘটনা ঠিক কী ঘটেছে? সোমবার রাতে একবালপুরের রাস্তায় প্রচার চলছিল কলকতা বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের (Rakesh Singh)। পুলিশ জানিয়েছে, হোসেন শা রোডে বিজেপির একটি সভা চলছিল। তার কাছেই একটি মিছিল আসে তৃণমূলের। একদল অন্যদলকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকে৷ তা নিয়ে শুরু হয় দু'দলের মধ্যে গন্ডগোল শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষে দুই দলই একবালপুর থানার সামনে এসে বিক্ষোভ দেখায়। সংঘর্ষ এড়াতে লাঠিচার্জের মতো পরিস্থিতি হয় বলে জানায় পুলিশ। রাস্তায় নামে কেন্দ্রীয় বাহিনী। শেষমেশ পুলিশের হস্তক্ষেপে অনেক রাতে পরিস্থিতি আয়ত্তে আসে। ঘটনাটি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, সোমবার রাতের পর মঙ্গলবার সকাল হতে না হতেই ফের অশান্তি উসকে ওঠে একবালপুরে। রাকেশ সিং ও তাঁর অনুগামীরা এলাকায় হুমকি দেন অভিযোগ। এরপরই পুলিশ আরও কড়া পদক্ষেপ করে। অশান্তির অভিযোগে গ্রেপ্তার করা হয় রাকেশ অনুগামী ৪ জনকে। আলাদা আলাদাভাবে তিনটি এফআইআর দায়ের হয়েছে একবালপুর থানায়।
রাকেশ সিংয়ের অভিযোগ, সোমবার রাতে পুলিশের অনুমতি নিয়েই হোসেন শাহ রোডে তাঁর সভা চলছিল। ওখানেই চার-পাঁচজন ব্যক্তি ঝামেলা করে। পুলিশকে জানালেও সুরাহা হয়নি। উলটে বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ প্রার্থীর। রাকেশের আরও অভিযোগ, পুলিশি ধরপাকড়ের পর ধৃতদের ছাড়াতে তৃণমূল থানায় গিয়ে ঝামেলা করে। অন্যদিকে, তৃণমূল পালটা দাবি, বিজেপির প্রচারসভা থেকে এক ব্যক্তি আপত্তিজনক কথাবার্তা বলেন। তাতেই এলাকার কয়েকজন মানুষ প্রতিবাদ জানালে উত্তেজনা তৈরি হয়। পরে সেখানে বিজেপি প্রার্থী রাকেশ সিং উপস্থিত হয়ে গালিগালাজ করেন এবং তাতেই অশান্তি উসকে ওঠে।
