এপ্রিলের মাঝামাঝি। সবে দাপট দেখাতে শুরু করেছে দাবদাহ। সূর্যের চোখরাঙানিকে তুড়ি মেরে জার্সি গায়ে নেমে পড়েছেন ময়দানে। ঠাঠা রোদে ফুটবল খেলে রবিবাসরীয় প্রচার জমিয়ে তুললেন নরেন। পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। রবিবার সকালেই জেমুয়া এলাকায় প্রচারে বেরিয়ে এভাবে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। এলাকার আদিবাসী যুবকদের সঙ্গে ফুটবল খেললেন। ময়দান থেকেই বিরোধীদের উদ্দেশে নরেনের বার্তা 'খেলা হবে'!
আগামী ২৩ এপ্রিল, প্রথম দফাতেই পাণ্ডবেশ্বর বিধানসভায় নির্বাচন। হাতে মাত্র আর ১১ দিন। তাই প্রচারের ময়দানে ঝড় তুলতে প্রস্তুত তৃণমূল প্রার্থী। রবিবাসরীয় প্রচারে তাই খেলার ময়দানকেই বেছে নিলেন তিনি। প্রচারের ফাঁকেই স্থানীয় একটি ফুটবল মাঠে যুবকদের খেলতে দেখে হঠাৎই মাঠে নেমে পড়েন দুর্গাপুরের তৃণমূল প্রার্থী। পায়ে ফুটবল, মুখে 'জয় বাংলা' স্লোগান। নরেনের খেলা দেখে গোটা মাঠ ভরে ওঠে দর্শকে। প্রচার শেষে তিনি বলেন,"এবার খেলা খেলা খেলা হবে।"
স্থানীয় যুবকদের সঙ্গে ময়দানে নরেন্দ্রনাথ চক্রবর্তী। ছবি: সনাতন গরাই।
প্রসঙ্গত, পাণ্ডবেশ্বর বিধানসভায় ভোটের লড়াইয়ে সমুখ-সমরে বিজেপি-তৃণমূলের দুই হেভিওয়েট। ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। ২০১৬ সালে যার হাতে ধরে লাল দূর্গে ঘাসফুল ফুটেছিল। তবে ২০২১ সালে রাজনীতির খেলা ঘুরিয়ে তিনিই আবার পদ্মপ্রার্থী হিসেবে পরাজিত হয়েছিলেন তৃণমূলের নরেনের কাছে। এবার ছাব্বিশেও একদা 'সতীর্থ' মুখোমুখি ভোটের ময়দানে। রবিবার প্রচারে বেরিয়ে বিরোধীদের নাম করে সোজাসুজি কিছু না বললেও নরেন্দ্রনাথ চক্রবর্তী বুঝিয়ে দিলেন, ভোটের ময়দানে বিরোধীদের 'গোল' দিতে তিনি প্রস্তুত।
