shono
Advertisement
Koustav Bagchi

'আজ থেকে আমার মাথায় আবার চুল গজাবে', ৩ বছরের প্রতিজ্ঞাপূরণ কৌস্তভের

এই জয়ের পর কৌস্তভ জানিয়ে দেন, তাঁর প্রতিজ্ঞা পূরণ হয়েছে। আজকের পর থেকে তাঁর মাথায় চুল গজাবে।
Published By: Jaba SenPosted: 12:58 AM May 05, 2026Updated: 01:12 AM May 05, 2026

সালটা ২০২৩। মাথা মুড়িয়ে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, তৃণমূল সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে না পারলে মাথায় আর চুল রাখবেন না। কথা মতো ৩৮ মাস ধরে মাথায় চুল রাখেননি কৌস্তভ বাগচী (Koustav Bagchi)। তিন বছর পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বারাকপুর আসনে তৃণমূলের রাজ চক্রবর্তীকে ১৫ হাজার ৮২২টি ভোটে হারালেন তিনি। এই জয়ের পর কৌস্তভ জানিয়ে দেন, তাঁর প্রতিজ্ঞা পূরণ হয়েছে। আজকের পর থেকে তাঁর মাথায় চুল গজাবে।

Advertisement

জয়ের পর কৌস্তভ বলেন, "৩ বছর ধরে আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম। সেই প্রতিজ্ঞা পূরণ হয়েছে। আজকের পর থেকে আমার মাথায় চুল গজাবে।" তথ্য অনুযায়ী, বারাকপুর আসনে ৭৮ হাজার ৪৬৬টি ভোট পেয়েছেন কৌস্তভ। ১৫ হাজারের বেশি ভোটে রাজ চক্রবর্তীকে হারিয়েছেন তিনি।

উল্লেখ্য, কৌস্তভ বাগচী (Koustav Bagchi) হলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী। ২০২৩ সালে তিনি কংগ্রেসের মুখপাত্র পদে ছিলেন । ওই বছরের মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় তাঁকে গ্রেপ্তার করা হয়। জেলমুক্তির পরে কৌস্তভ বাগচী প্রকাশ্যে তাঁর মাথা কামিয়ে ফেলেন এবং বলেন, রাজ্যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে না সরানো পর্যন্ত মাথায় চুল রাখবেন না। পরে ২০২৪ সালের ২৯ মে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগদান করেন তিনি। কিন্তু বিজেপিতে গিয়েও নিজের প্রতিজ্ঞা ভুলে যাননি। ছাব্বিশে রাজ্যে গেরুয়া ঝড়ের মাঝে বারাকপুর আসনেও জয় পান বিজেপির কৌস্তভ। এরপরই মাথায় চুল রাখার কথা ঘোষণা করলেন তিনি। কৌস্তভের জয়ের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর স্ত্রী প্রীতি। তিনি জানান, স্বামীকে পছন্দের ব্র্যান্ডের শ্যাম্পু উপহার দেবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement