ভোট (West Bengal Assembly Election) গণনার শেষে গুলি চলল রাজ্যে। দুষ্কৃতীর গুলিতে আহত বিজেপিকর্মী। তাঁর হাতে গুলি লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের দীঘিরপার এলাকায়। ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপির অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। শুরু হয়েছে তল্লাশি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত বিজেপিকর্মীর নাম অর্কদ্বীপ বোস। বয়স ২২ বছর। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আনন্দে ক্যানিংয়ের দীঘিরপার এলাকায় মিছিল করছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। সেই সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। বিজেপির কর্মী অর্কদ্বীপের হাতে গুলি লাগে। তাঁকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তিনি সেখানেই চিকিৎসাধীন। বিজেপির অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। ঘটনার পর সঙ্গে সঙ্গে ছুটে আসেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। চলছে তল্লাশি। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
উল্লেখ্য, ক্যানিংয়ের দিঘিরপাড় ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত। এই বিধানসভায় জিতেছেন তৃণমূল প্রার্থী পরেশরাম দাস। তিনি ১২০৫৪৮ ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির প্রশান্ত বাইন। গুলি চলার ঘটনায় তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়।
