shono
Advertisement
West Bengal Assembly Election Result 2026

রাস্তায় জনসমুদ্র, কলকাতা ফেরার পথে নন্দকুমারে থমকাল শুভেন্দুর কনভয়, কী করলেন মুখ্যমন্ত্রী?

ঘরের ছেলে 'বুবাই' মুখ্যমন্ত্রীর কুর্সিতে। এযেন পূর্ব মেদিনীপুরবাসীর কাছে এক পরম প্রাপ্তি।
Published By: Tiyasha SarkarPosted: 10:19 PM May 10, 2026Updated: 10:51 PM May 10, 2026

ঘরের ছেলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর থেকেই উচ্ছ্বাসে ভাসছে গোটা মেদিনীপুর। রবিবার সকাল থেকেই শান্তিকুঞ্জের সামনে ছিল জনসমুদ্র। বিকেলে কলকাতা আসার জন্য কনভয় নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন শুভেন্দু। কিন্তু নন্দকুমারে পৌঁছে গাড়ি থেকে রাস্তায় নামতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী। কেন? কারণ, সেখানেও তাঁর অপেক্ষায় ছিল জনপ্লাবন। গাড়ি থেকে নেমে কর্মী-সমর্থক-অনুগামীদের সঙ্গে হাঁটলে তিনি।

Advertisement

শান্তিকুঞ্জের বাইরে জনসংযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কাঁথিতে বেড়ে ওঠা। সেখানকার মাটিতেই রাজনীতিতে হাতে খড়ি। দু'বারের সাংসদ। তিনবারের বিধায়ক, তৃণমূল সরকারের মন্ত্রী। এখন ঘরের ছেলে 'বুবাই' মুখ্যমন্ত্রীর কুর্সিতে। এযেন পূর্ব মেদিনীপুরবাসীর কাছে এক পরম প্রাপ্তি। শনিবার সকালে শুভেন্দু মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই তাঁর বাড়ির সামনে মানুষের ঢল। রবিবার সকালে দেখা গেল, দূর-দূরান্তের মানুষ পৌঁছে গিয়েছেন শান্তিকুঞ্জে তাঁকে শুভেচ্ছা জানাতে। মুখ্যমন্ত্রীর পদে বসলেও তিনি যে সকলের চেনা বুবাই-ই রয়েছেন রবিবাসরীয় সকালেই তা প্রমাণ করে দিয়েছেন শুভেন্দু। বাড়িতেই সেরেছেন জনসংযোগ। দুপুরে মায়ের হাতের রান্না খেয়ে রওনা হয়েছিলেন কলকাতার উদ্দেশে।

কনভয় নন্দকুমার পৌঁছতেই দেখা যায়, রাস্তার দু'পাশে কার্যত জনপ্লাবন। মুখ্যমন্ত্রীকে একবার দেখতে, শুভেচ্ছা জানাতে অপেক্ষায় সকলে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে সকলে। গাড়িতে বসেই তাঁদের সঙ্গে জনসংযোগ সেরে কলকাতা চলে আসতে পারতেন শুভেন্দু। কিন্তু তিনি তা করেননি। এলাকাবাসীকে সম্মান জানাতে কনভয় থামিয়ে নেমেছেন রাস্তায়। জনসংযোগ করতে দীর্ঘ রাস্তা পদযাত্রা করেন তিনি। সকলের সঙ্গে কুশল বিনিময় পর্ব শেষে মুখ্যমন্ত্রী রওনা হন কলকাতার পথে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement