shono
Advertisement
Mamata Banerjee

শুভেন্দুর শপথের পর অবশেষে সোশাল মিডিয়ায় বায়ো বদলালেন মমতা, তবে 'প্রাক্তন' নন!

আজ, শনিবার ব্রিগেড ময়দানে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরই বদলে গেল বায়ো। তৃণমূল সুপ্রিমো লিখলেন, তিনি তিনবারের বিধানসভার মুখ্যমন্ত্রী।
Published By: Sulaya SinghaPosted: 01:10 PM May 09, 2026Updated: 02:48 PM May 09, 2026

এ যেন অশ্বত্থামা হত, ইতি গজ! 'প্রাক্তন' হয়েও নিজেকে 'প্রাক্তন' বলতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 'টালবাহানা'র পর অবশেষে সোশাল মিডিয়া অ্যাকাউন্টে বায়ো বদলালেন মমতা। ফেসবুক, ইনস্টা, এক্স হ্যান্ডেলে বায়োতে তৃণমূল সুপ্রিমো লিখলেন, তিনি তিনবারের বিধানসভার মুখ্যমন্ত্রী। কিন্তু কোনওভাবেই 'প্রাক্তন' শব্দটি ব্যবহার করলেন না।

Advertisement

নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর তৃণমূল অভিযোগ তোলে, তারা হারেনি। হারানো হয়েছে। সেই সূত্রেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে নারাজ ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা। তিনি ইস্তফাও দেননি। রাজ্যপাল বিধানসভা ভেঙে দেন। কিন্তু তারপরও মমতার বিভিন্ন সোশাল মিডিয়া অ্যাকাউন্টের বায়োতে লেখা ছিল, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আজ, শনিবার ব্রিগেড ময়দানে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরই বদলে গেল বায়ো। মমতা লিখলেন তিনি তিনবারের মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লিখেছেন, '১৫, ১৬ ও ১৭তম বিধানসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন।' তাঁর সব অ্যাকাউন্টে এই বায়ো আপডেট করা হয়েছে। তাহলে কি অবশেষে তিনি হার মেনে নিলেন?

বদলে গেল মমতার ইনস্টা বায়ো

উল্লেখ্য, ১৫ বছর আগে, ২০১১ সালেও পালাবদল দেখেছে বাংলা। ৩৪ বছরের বামশাসনের অবসান ঘটিয়ে বাংলার রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিল মানুষ। সেবার ভোটগণনার বিকেলে ফল বুঝতে পেরেই রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মনে করা হয়েছিল সেই ঘটনারই পুুনরাবৃত্তি ঘটবে ২০২৬-এ।

মনে করা হয়েছিল, ফলাফল ঘোষণার দিন সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দেবেন। কিন্তু তা হয়নি। তবে তারপর দিনই মঙ্গলবার কালীঘাটের সাংবাদিক বৈঠক থেকে মমতা সাফ জানিয়ে দিয়েছিলেন ইস্তফা দেওয়ার কোনও প্রশ্নই নেই। সাংবাদিকের ইস্তফা সংক্রান্ত প্রশ্নে মমতা বললেন, “আমরা তো হারিনি। তাই লোকভবনে যাব না। চক্রান্ত করা হয়েছে। হারিনি, তাই ইস্তফা দেওয়ার প্রশ্ন নেই।" এর পাশাপাশি তাঁর  বিভিন্ন সোশাল মিডিয়ার বায়োতেও মুখ্যমন্ত্রী শব্দটি লেখা ছিল। তবে আজ, শনিবার শুভেন্দু-সহ ৬ জন বিজেপির মন্ত্রী শপথ নিতেই বদলে গেল তৃণমূলনেত্রীর বায়ো। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement