shono
Advertisement
BJP Star Campaigner

৭ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে হেমা-কঙ্গনা, বঙ্গভোটে বিজেপির একঝাঁক তারকা প্রচারক, দেখুন তালিকা

বাংলার ভোট হলেও প্রচারকদের তালিকায় সিংহভাগই দিল্লির নেতানেত্রী। তা নিয়ে সমালোচনায় বিদ্ধ গেরুয়া শিবির।
Published By: Sayani SenPosted: 08:42 PM Apr 05, 2026Updated: 10:03 PM Apr 05, 2026

দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে তরজার শেষ নেই। তারই মাঝে ৪০ জন তারকা প্রচারকের নাম ঘোষণা করল বিজেপি। বাংলার ভোট হলেও প্রচারকদের তালিকায় সিংহভাগই দিল্লির নেতানেত্রী। তা নিয়ে আরও একবার সমালোচনায় বিদ্ধ গেরুয়া শিবির।

Advertisement

রবিবার সন্ধ্যায় বিজেপির প্রকাশিত তারকা প্রচারকের তালিকায় স্বাভাবিকভাবেই একেবারে প্রথমেই রয়েছেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। ভোট ঘোষণার পর ইতিমধ্যে বাংলায় এসেছেন দু'জনেই। এছাড়াও রয়েছেন নীতীন নবীন, রাজনাথ সিং, নীতীন গডকড়ি, জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান, হিমন্ত বিশ্বশর্মা, যোগী আদিত্যনাথ, রেখা গুপ্তা, দেবেন্দ্র ফড়ণবীশ, মোহনচরণ মাঝি, মাণিক সাহা, শিবরাজ সিং চৌহান, অশ্বিনী বৈষ্ণব, স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর, অন্নপূর্ণা দেবী, অর্জুন মুন্ডা, বাবুলাল মারান্ডি, সম্রাট চৌধুরী, ভূপেন্দ্র যাদব, সুনীল বনশাল, বিপ্লবকুমার দেব, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য।

এই তালিকায় রয়েছেন মোট সাত রাজ্যের মুখ্যমন্ত্রী। তারকা প্রচারক হিসাবে রয়েছেন মনোজ তিওয়ারি, কঙ্গনা রানাউত, হেমা মালিনী, মিঠুন চক্রবর্তী এবং লিয়েন্ডার পেজ। বাংলার নেতাদের মধ্যে রয়েছেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, রাজু বিস্তা, জয়ন্তকুমার রায়, মনোজ টিপ্পা এবং বিজন গোস্বামী। এই তারকারা কবে, কোথায় প্রচার করবেন, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে রাজনৈতিক মহলে বিজেপির তারকা প্রচারকদের তালিকা নিয়ে চলছে জোর কাটাছেঁড়া। কেউ কেউ বলছেন, বিজেপির তারকা প্রচারকের তালিকা দেখলেই স্পষ্ট বাংলায় সংগঠন ঠিক কতটা দুর্বল। সাংগঠনিক দুর্বলতা ঢাকতে প্রচারকের তালিকায় রয়েছেন সাত রাজ্যের মুখ্যমন্ত্রী, হেমা, কঙ্গনার মতো তারকা সাংসদরা। যদিও এর আগে মোদি-শাহের বঙ্গ সফর নিয়ে 'ডেলি প্যাসেঞ্জারি' খোঁচা কম সহ্য করতে হয়নি পদ্মশিবিরকে। বলে রাখা ভালো, বাংলায় গত কয়েকটি নির্বাচনে মোটেও আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। সে কারণে ছাব্বিশের ভোটকে একেবারে 'ডু অর ডাই' ম্যাচের মতো দেখছে পদ্মশিবির। আর সে কারণেই যেন সর্বশক্তি দিয়ে ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়েছে তারা। তবে প্রশ্ন উঠছে, তারকা প্রচারকের লম্বা তালিকা তৈরি হলেও বঙ্গ বিজেপি ব্রিগেড আদৌ ভোট লড়তে প্রস্তুত? অবশ্য এই উত্তর পাওয়া যাবে আগামী ৪ মে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement