তৃণমূল নেত্রীর ছবিতে গোবর লেপে দেওয়ার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে (Durgapur)। ওই ঘটনা জানাজানি হওয়ার পরেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা জেনেই ছুটে গেলেন তৃণমূল প্রার্থী কবি দত্ত। তিনি নিজে হাতে ওই গোবর মুছে ছবি পরিষ্কার করে দেন। বিরোধীদের উপর দায় চাপিয়ে শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিধানসভা ভোটে (WB Assembly Election 2026) কাঠি পড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশও করে দিয়েছে। বিজেপি ও বামেরাও দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। দিকে দিকে প্রচারও শুরু করে দিয়েছেন প্রার্থীরা। এরই মধ্যে শুক্রবার দুর্গাপুরে প্রবল উত্তেজনা দেখা দিল। দুর্গাপুর পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের মায়াবাজারের নয়াবাজার এলাকায় শাসক দলের ভোটের প্রচার দেওয়াল লেখা হয়েছে। সেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে আঁকা হয়েছিল। আজ, শুক্রবার দেখা গেল ওই ছবিতে কেউ না কারা গোবর লেপে দিয়েছে। ঘটনা দেখার পরেই উত্তেজনা শুরু হয়।
তৃণমূল প্রার্থী কবি দত্ত বলেন, "যারা নোংরা রাজনীতি করছে, তাঁদের জবাব বাংলার মানুষ দেবে। তবে আমি কারোর বিরুদ্ধে নোংরা রাজনীতি করি না।"
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত। তিনি নিজে হাতে ছবির ওই অংশ পরিষ্কার করে দেন। বিরোধীরা ষড়যন্ত্র করছে, এই অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। তৃণমূল প্রার্থী কবি দত্ত বলেন, "যারা নোংরা রাজনীতি করছে, তাঁদের জবাব বাংলার মানুষ দেবে। তবে আমি কারোর বিরুদ্ধে নোংরা রাজনীতি করি না। কারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগও করি না। অভিযোগ করা হয়েছে। পুলিশ তদন্ত করে যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।" যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘড়ুই। তিনি পালটা বলেন, "এইসব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এর পিছনে বিজেপির কোনও যোগ নেই। দুর্গাপুরের মানুষ বুঝতে পারছে। সেজন্য বিজেপির হাত শক্ত করছে। বিধানসভা নির্বাচনেও বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত হবে।" ঘটনার খবর পেয়ে কোকওভেন থানার পুলিশও ঘটনাস্থলে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
