shono
Advertisement
West Bengal Assembly Election

'পাশে মোল্লা আছে, সাবধান', শুভেন্দুর বিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

নন্দীগ্রামের মুসলিম পরিযায়ী শ্রমিকদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
Published By: Jaba SenPosted: 04:37 PM Apr 15, 2026Updated: 05:24 PM Apr 15, 2026

একাধিক বিতর্কিত মন্তব্য করে আদর্শ আচরণবিধি লঙ্ঘণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এই অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। বিতর্কিত মন্তব্য করে মুসলিমদের অপমান করার অভিযোগ রয়েছে। নন্দীগ্রামে একটি রোড শো'তে তাঁকে বলতে শোনা গিয়েছে, "পাশে মোল্লা আছে, সাবধান।" পাশাপাশি নন্দীগ্রামের মুসলিম পরিযায়ী শ্রমিকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে বদলা নেওয়ার হুমকি দেন তিনি। নাকে লঙ্কার গুঁড়ো ঘষে দেওয়ারও হুঁশিয়ারি দেন শুভেন্দু।

Advertisement

নির্বাচন কমিশনকে মোট ৩টি চিঠি লিখে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন একটি চিঠিতে লিখেছেন, নন্দীগ্রামে একটি ব়্যালি চলাকালীন শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে, "পাশে মোল্লা আছে, সাবধান।" এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য করে তিনি ভোটারদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছেন। তাঁদের যাতে মানুষ ভয় পায় সেই বার্তা দিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। এই মন্তব্যকে উসকানিমূলক বলে দাবি করেছে তৃণমূল। তাদের দাবি, নন্দীগ্রামে দাঁড়িয়েই সেখানকার মুসলিম পরিযায়ী শ্রমিকদের হুমকি দিয়েছে শুভেন্দু। একটি ভিডিওতে (যার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) তাঁকে বলতে শোনা গিয়েছে, "নন্দীগ্রামের মুসলমান পরিযায়ী শ্রমিকদের ব্যবহার ঠিক করতে হবে, না হলে ৪ মে'র পর দেখে নেব।" এছাড়াও বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে বদলা নেওয়ার হুশিয়ারি দেন তিনি। নন্দীগ্রামে একটি জনসভা থেকে তিনি বলেন, "আমরা বদলা চাই। সরকার গড়লে নাকে লঙ্কার গুঁড়ো ঘষে দেব"। এই সব কারণে শুভেন্দু বিএনএসের ১৭১ (নির্বাচনে প্রভাব বিস্তার), ১৯৬ (ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভেদ উসকে দেওয়া) , ২৯৯ (ধর্মীয় ভাবাবেগে আঘাত) ও ৩৫১ (ভয় দেখানো) ধারা সহ আরও বেশ কয়েকটি ধারায় অপরাধ হিসেবে গণ্য। সেই কারণে বিরোধী দলনেতার বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা গ্রহণের দাবি জানিছে তৃণমূল।

"পাশে মোল্লা.." মন্তব্য করে শুভেন্দু আদর্শ নির্বাচনী আচরণবিধির ৪.৩.১ ধারা এবং জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩(৩এ) ধারাকে লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন ডেরেক ও'ব্রায়েন। এই কারণের পাশাপাশি বদলা নেওয়ার হুঁশিয়ারি ও পরিযায়ী শ্রমিকদের হুমকি দেওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানানো হয়েছে। পাশাপাশি আদর্শ আচরণবিধি ভঙ্গের কারণে তাঁকে শোকজ করার আর্জি জানিয়েছে তৃণমূল। পরবর্তী সময়ে তিনি যেন এরমক কোনও মন্তব্য না করেন তার জন্য কমিশনকে পদক্ষেপ করার আবেদন জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement