shono
Advertisement

Breaking News

TMC-ISF Clash

ভোটবঙ্গে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে ফের রণক্ষেত্র ভাঙড়! ইটবৃষ্টি-মারধরে রাতভর উত্তেজনা

নওশাদের কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূল নেতা খইরুলের অনুগামীদের বিরুদ্ধে। 'নওশাদের উসকানিতেই অশান্তি', পালটা দাবি শওকত মোল্লার।
Published By: Arpita MondalPosted: 10:18 AM Mar 27, 2026Updated: 12:43 PM Mar 27, 2026

ভাঙড় আছে ভাঙড়েই। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে। বৃহস্পতিবার রাতে তৃণমূল-আইএসএফের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দু'পক্ষের হাতাহাতি, চলে গাড়ি ভাঙচুর। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় গাবতলা এলাকায় ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকির সভা ছিল। সেই সভা থেকে বাড়ি ফেরার পথে আইএসএফ কর্মীদের উপর হামলা চালানো হয়। এলাকার তৃণমূল নেতা খইরুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ তোলে নওশাদের দল।

Advertisement

অভিযোগ, এরপরই শুরু হয় ভয়ংকর তাণ্ডব। পাকাপোলের কাছেই একটি গ্যারেজে রাখা তৃণমূল নেতার খইরুলের মাটি কাটার যন্ত্র ও পিক-আপ ভ্যান লক্ষ্য করে ইট ছুড়তে থাকে আইএসএফ কর্মীরা। শুরু হয় দেদার ভাঙচুর। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও দীর্ঘক্ষণ এলাকায় ছিলেন নওশাদকে। আইএসএফ কর্মীদের সঙ্গে কথা বলেন, পুলিশের সঙ্গেও একপ্রস্থ বাকবিতণ্ডায় জড়ান ভাঙড়ের বিদায়ী বিধায়ক।

নওশাদের দাবি, 'ভাঙড়ে আইএসএফের সভায় জনসমাগম দেখে পা কাঁপছে তৃণমূলের। তাই সভা থেকে ফেরার সময়ই আইএসএফ কর্মীদের উপর হামলা চালানো হয়। কেন পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগে কড়া হাত রাশ ধরেনি প্রশাসন?' পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন নওশাদ সিদ্দিকি। যদিও তাঁর অভিযোগ উড়িয়ে দেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। শওকতের অভিযোগ, "নওশাদের উসকানিতেই ভাঙড়ে অশান্তি হয়েছে। ভাঙড়ে আরাজকতা, বিশৃঙ্খলা ছড়ানোয় উঠে পড়ে লেগেছেন নওশাদ সিদ্দিকি। মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েই এই নোংরা খেলা খেলছেন, ঘটনার তীব্র নিন্দা করছি।" শওকতের আরও অভিযোগ, "প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নওশাদ নিজে দাঁড়িয়ে থেকে এই গন্ডগোল পাকিয়েছেন ভাঙড়ে।" নওশাদের গ্রেপ্তারির দাবিও জানান ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা।

বিধানসভা থেকে পঞ্চায়েত নির্বাচন, ভাঙড়ে হিংসার ক্রোনোলজি দেখেছে বাংলা। নির্বাচনের মনোনয়ন থেকে ভোটগণনা, রক্তাক্ত হিংসার সাক্ষী থেকেছে ভাঙড়। আসন্ন আরও একটা নির্বাচন, এবারও কি ভাঙড়ে ফিরছে চেনা ছবি? বৃহস্পতিবার রাতের ঘটনা অবশ্য তেমনই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement