shono
Advertisement
CEO Office

সিইও দপ্তরের সামনে সকাল থেকেই ধরনা তৃণমূলের, বিপরীতে মোতায়েন বাহিনী! ফর্ম ৬ নিয়ে বাড়ছে উত্তাপ

ফর্ম ৬ নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি! মঙ্গলবারের পর আজ, বুধবারও সকাল থেকে চাপা উত্তেজনা সিইও দপ্তরের সামনে। এদিন সকাল থেকে ধরনা, অবস্থানে তৃণমূলের। এদিকে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীও মজুত রয়েছে।
Published By: Suhrid DasPosted: 10:48 AM Apr 01, 2026Updated: 01:09 PM Apr 01, 2026

ফর্ম ৬ নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি! মঙ্গলবারের পর আজ, বুধবারও সকাল থেকে চাপা উত্তেজনা সিইও দপ্তরের (CEO Office) সামনে। এদিন সকাল থেকে ধরনা, অবস্থান তৃণমূলের! এদিকে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীও মজুত রয়েছে। গতকাল মধ্যরাতেও তৃণমূল কংগ্রেস (TMC) কর্মী-সমর্থকরা সিইও দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ (Protest), ধরনা দেখিয়েছিলেন বলে অভিযোগ। সেই ঘটনা নিয়ে কমিশনের তরফেও কড়া বার্তা দেওয়া হয়েছে। 'এই ধরনের অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না', সেই কথা কমিশনের তরফে বলা হয়েছে।

Advertisement

এক ব্যক্তি ব্যাগ ভর্তি ফর্ম ৬ নিয়ে ঢুকেছে ইসি অফিসে, এই অভিযোগ তুলেছে তৃণমূল। প্রচুর ফর্ম ৬ সিইও দপ্তরে জমা করা নিয়ে বিজেপি কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় হেয়ার স্টিট্র থানায়। গতকাল সিইও দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয়েছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। বিজেপির তরফেও সেখানে অভিযোগ জানাতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী , শমীক ভট্টাচার্যরা। বিজেপি-তৃণমূল বচসায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছিল। তারাই পরিস্থিতি সামাল দেয়।

অভিযোগ, মঙ্গলবার রাতে তৃণমূলের তরফে ফের সিইও দপ্তরের সামনে জমায়েত হয়, অবস্থান চলে। উপস্থিত পুলিশ আধিকারিকরা তাঁদের সঙ্গে কথা বলেন। পরে জমায়েতকারীরা কিছুটা দূরে সরে গিয়েছিলেন। এদিকে রাতের ওই ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে কমিশনের তরফে টুইট করা হয়েছে। "এমন অসামাজিক কাজকর্ম বরদাস্ত করা হবে না। অবাধ ও সুষ্ঠু বিধানসভা নির্বাচন নিশ্চিত করতে কমিশন কোনও ত্রুটি রাখবে না।" এই বার্তা দেওয়া হয়েছে। এদিকে এদিন সকাল থেকে ফের সিইও দপ্তরের বাইরে ফের তৃণমূলের কর্মী-সমর্থকরা জড়ো হয়েছেন। শুরু হয়েছে অবস্থান। কমিশনের দপ্তরের সামনে বিশাল সংখ্যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন হয়েছে। এলাকায় ব্যারিকেড করা হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সিইও মনোজ আগরওয়াল ও কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দার মধ্যে বৈঠকও হয়েছে। কমিশনার পরে হেয়ার স্ট্রিট থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গেও কথা বলেন বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement