'জয় বাংলা' স্লোগান দেওয়ায় তৃণমূল কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এর প্রতিবাদে নারায়ণপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও রাস্তা অবরোধ করেন রাজারহাট নিউটাউনের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। পরে পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ।
জানা গিয়েছে, শুক্রবার নারায়ণপুরের মণিখোলা এলাকায় বিজেপির প্রচার কর্মসূচি চলাকালীন কয়েকজন তৃণমূল সমর্থক 'জয় বাংলা' স্লোগান দেন বলে অভিযোগ। সেই সময় পালটা 'জয় শ্রীরাম' স্লোগান তোলেন গেরুয়া শিবিরের লোকজন। এই নিয়ে দু'পক্ষের মধ্যে চরম বচসা ও হাতাহাতি হয়। সেই সময় রাজারহাট নিউটাউনের পদ্ম প্রার্থী পীযূষ কানোরিয়ার নেতৃত্বে কয়েকজন বিজেপি সমর্থক মেরে এক তৃণমূল প্রার্থীর মাথা ফাটিয়ে দেন। এই অভিযোগে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আক্রান্ত কর্মীকে উদ্ধার করে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে, আক্রান্ত কর্মী ব্লিঙ্কিট সংস্থায় কাজ করেন। হামলার ঘটনার প্রতিবাদে তাঁর সহকর্মীরাও বিক্ষোভে শামিল হয়েছেন।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি দলের কর্মী সমর্থকদের নিয়ে নারায়ণপুর থানার সামনে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেন রাজারহাট নিউটাউনের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। তাপস জানিয়েছেন, অনেকে মনে করছেন নির্বাচন কমিশনই দেশের সরকার। কিন্তু তা ঠিক নয়। কয়েকজন পুলিশ বিজেপিকে সমর্থন করছেন। তৃণমূলকে সমর্থন করার জন্যই ওই যুবককে মারধর করা হয়েছে। আজকের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে গণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাপস। অপ্রীতিকর ঘটনা এড়াতে থানায় এসে প্রতিবাদ জানানো হয়েছে। সকলকে শান্তি বজায় রাখার অনুরোধ করেন তৃণমূলের প্রার্থী। তাপসের কথায়, 'বিধানসভা আসনের প্রার্থী হতে গেলে যোগ্যতার দরকার হয়। বিরোধী প্রার্থীকে অনুরোধ করছি, এরকম কাজ করবেন না।'
