যে কাজ করতে সাহস পায় না বড়রা। তাই করে দেখাল আট বছরের নাবালক। জীবনের ঝুঁকি নিয়ে গভীর কুয়োয় পড়ে যাওয়া একটি ছাগলকে উদ্ধার করল সে। ঘটনাটি বিহারের মতিহারি জেলার পাহাড়পুর এলাকার একটি গ্রামের। ভাইরাল হয়েছে নাবালকের ছাগল উদ্ধারের ভিডিও। (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।) খুদেকে প্রশংসায় ভরাচ্ছেন নেটিজেনরা। অনেকেই অবশ্য প্রশ্ন করছেন, বড়দের বদলে আট বছরের শিশুকে কুয়োয় নামানো হল কেন?
স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, কুয়োর আশপাশে খেলছিল ছাগলের বাচ্চাটি। আচমকা সেটি কুয়োতে পড়ে যায়। ঘটনা আঁচ করতেই ছাগলছানাটিকে উদ্ধার করা নিয়ে জল্পনা শুরু হয়। গভীর কুয়ো ঘিরে জরো হন স্থানীয় বাসিন্দারা। শুরুতে ভিতরে দড়ি নামিয়ে ছাগলটিকে উদ্ধারের চেষ্টা হলেও তা ব্যর্থ হয়। এর পরেই মোটা দড়ি ও চাদরের সঙ্গে আট বছরের নাবালকটিকে বেঁধে কুয়োতে নামানো হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ভয়ডরহীন খুদে দড়িতে চেপে কুয়োতে নামছে। একদম নিচের অংশ ছিলে ছাগলছানাটি। অত্যন্ত সাহসের সঙ্গে সেটিকে দু'হাত দিয়ে জোড়িয়ে ধরে খুদে। এর পর ছাগল-সহ নাবালককে টেনে তোলেন স্থানীয় বাসিন্দারা।
‘ভারত ডট বেস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় ভিডিওটি। খুদের অসম সাহসী এই কাণ্ড দেখে অবাক নেটপাড়া। ভাইরাল ভিডিও দেখে নানারকম মন্তব্য করছেন সাধারণ মানুষ। সকলেই আট বছরের ছেলের প্রশংসায় পঞ্চমুখ। কেউ কেউ অবশ্য প্রশ্ন তুলেছেন, যে কাজ বড়দের করা উচিত ছিল, তা কেন আট বছরের শিশুকে দিয়ে করানো হল? দুর্ঘটনা ঘটলে তো বিপদে পড়ত শিশুটিও।
