২০ বারের চেষ্টাতেও সেদ্ধ হয়নি খাসির মাংস। তাই বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় ছুটলেন এক প্রৌঢ়। নজিরবিহীন এই ঘটনাটির সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা। গোটা ঘটনায় হতবাক পুলিশকর্মীরাও।
জানা যাচ্ছে, উগাদি উৎসব উপলক্ষে তাডিপত্রির পুটলুরু রোডের বাসিন্দা সোদালা হাজি বাড়ির নিকটবর্তী একটি দোকান থেকে খাসির মাংস কিনেছিলেন। কিন্তু রান্না করতে বসতেই ঘটে অঘটন। ২০ বারের চেষ্টাতেও সেদ্ধ হয়নি মাংস। অভিযোগ, মাংস শক্ত এবং আধকাঁচা রয়ে গিয়েছিল। এরপরই ক্ষিপ্ত হন ওই প্রৌঢ়। কড়াইসুদ্ধ মাংস নিয়ে হাজির হন থানায়। অভিযোগ করেন বিক্রেতার বিরুদ্ধে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। হতবাক হয়ে যান পুলিশকর্মীরাও। তবে তাঁরা যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
ঘটনার সময় উপস্থিত ছিলেন টাউন সার্কেল ইনস্পেক্টর আনন্দ রাও। তিনি কার্যত বাকরুদ্ধ হয়ে যান। তবে প্রৌঢ়ের অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি তদন্ত শুরু করে পুলিশ। মাংস বিক্রেতার সঙ্গে কথা বলার পর সমস্যার সামাধান হয়। জানা গিয়েছে, ত্রুটিপূর্ণ মাংসের বদলে সমপরিমাণ উন্নতমানের মাংস দিতে রাজি হন বিক্রেতা।
