shono
Advertisement

মুড়ি চিবোতে চিবোতে টাকা-গয়নাগাটি নিয়ে পালাল ডাকাতদল! আউশগ্রামে শোরগোল

অভিযোগ শুনে হতবাক পুলিশকর্মীরা।
Posted: 09:12 PM Dec 18, 2023Updated: 09:12 PM Dec 18, 2023

ধীমান রায়, আউশগ্রাম: গৃহস্থের হাত, পা, মুখ বেঁধে নগদ কয়েক লক্ষ টাকা এবং গয়নাগাটি লুটপাট। এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনা নতুন নয়। তবে ডাকাতির পর অবাক করা কাণ্ড ঘটাল দুষ্কৃতীরা। মুড়ি দিয়ে পেটপুজো সারল তারা। থানার অদূরেই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় পূর্ব বর্ধমানের আউশগ্রামে ব্যাপক চাঞ্চল্য।

Advertisement

আউশগ্রামের পলাশতলা পাড়ার বাসিন্দা অনিলকান্তি দত্ত। তাঁর তিন সন্তানের মধ্যে বড় ছেলে অপূর্ব একটি বহুজাতিক সংস্থায় চাকরি করেন। দক্ষিণ আফ্রিকায় থাকেন। দিন তিনেক আগে বাড়িতে আসেন। ছোট ছেলে অমিত দত্ত কর্মসূত্রে চেন্নাইয়ে থাকেন। অমিতের স্ত্রী স্বাতী দেবী ও তাঁর সন্তান আউশগ্রামে থাকেন। মেজ ছেলে অনুপ দত্তের সাতদিন আগে বিয়ে হয়েছে। তিনি সস্ত্রীক কর্মস্থল হায়দরাবাদে চলে গিয়েছেন। বাড়িতে রয়েছেন অনিলকান্তিবাবুর স্ত্রী, তাঁর ভাইয়ের স্ত্রী, বড় ছেলে এবং ছোট ছেলের দুই সন্তান-সহ মোট আট সদস্য। রবিবার রাতে তাঁরা দোতলা বাড়ির নিচের তলায় চারটি পাশাপাশি ঘরে শুয়েছিলেন।

[আরও পড়ুন: বর্ধমান স্টেশনে দুর্ঘটনায় প্রাণহানির জের, ৬০টি জলের ট্যাঙ্ক ভাঙার সিদ্ধান্ত পূর্ব রেলের]

অনিলকান্তিবাবু জানান, রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ একটি আওয়াজে তাঁর ঘুম ভেঙে যায়। ওঠার চেষ্টা করতেই তিনজন দুষ্কৃতী ভোজালি দেখিয়ে একটি গামছা ছিঁড়ে তার হাত, পা বেঁধে দেয়। তার পর জোর করে লেপ চাপা দিয়ে শুইয়ে রাখে। অনিলকান্তির চিৎকারে তাঁর ছেলে ওই ঘরে আসেন। সঙ্গে সঙ্গে তাঁর হাত, পা বেঁধে ফেলে দুষ্কৃতীরা। তবে ওই ঘরে ঢোকার আগেই অপূর্ববাবু ডাকাতদলের হামলার ঘটনা বুঝে তাঁর এক বন্ধুকে ফোন করেন। দীপু বিশ্বাস নামে ওই বন্ধু অপূর্বর বাড়ির সামনে এসে ডাকাডাকি করেন। তখন দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে বেরিয়ে আসে। ভয়ে পালিয়ে যান দীপু। তার পর তিনি লোকজন ডেকে জড়ো করেন যখন ফেরেন ততক্ষণে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

অনিলকান্তির ছোট পুত্রবধূ স্বাতী দত্ত বলেন, “ওই দুষ্কৃতীরা চারটি দলে ভাগ হয়ে আমাদের চারটি ঘরে ঢুকেছিল। অস্ত্র দেখিয়ে লুটপাট চালায়। পরে থাকা সমস্ত গয়না খুলেও নেয়। নাকছাবিও বাদ দেয়নি। ওরা আমাদের ঘরে বসেই মুড়ি খায়।” অনিলকান্তি জানান, দুষ্কৃতীরা তিন ভরি সোনা, পাঁচ ভরি রূপোর গয়না, ভারতীয় মুদ্রায় ২৫ হাজার টাকা, ৩০০ ইউএস ডলার, ৩০০০ কচা (জাম্বিয়ার মুদ্রা) বাড়ির একাধিকজনের ভোটার, আধার ও প্যান কার্ড লুট করে পালিয়ে যায়। দুষ্কৃতীরা বাংলা ভাষায় কথা বলছিল বলে অপূর্ববাবুরা জানান। তাদের মধ্যে একজনের বয়স চল্লিশের কাছাকাছি। বাকিরা ২৫-৩০ বছর বয়সি। সকলের পরনেই ছিল বারমুডা। লুট করে পালানোর সময় বাড়ি থেকে দুটি কম্বল এবং কিছু শীতের কিছু পোশাকও লুট করে পালায় দুষ্কৃতীরা। সোমবার সকালে অনিলকান্তিবাবু আউশগ্রাম থানায় এফআইআর দায়ের করেন। তবে পুলিশ এখনও ঘটনার কিনারা করতে পারেনি।

[আরও পড়ুন: ব্লাউজের মাপ নেওয়ার অছিলায় পাড়ার বউদির স্তনে হাত! গ্রেপ্তার বিজেপি নেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার