'পায়ে পড়ি বাঘ মামা' গেয়ে বাঘকে শান্ত করেছিলেন গুপি বাঘা! কিন্তু বাস্তবে চিতাবাঘ ঘরে ঢুকে পড়লে! সহজে কি শান্ত করা সম্ভব? আর সেখানে যদি সহায় হয় বাড়ির পোষ্য। অবাক হচ্ছেন? সমাজমাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটি মাত্র ২৫ সেকেন্ডের! ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, গোটা বাড়ির লোক যখন ভয় কাঁপছে, তখন কীভাবে একটা চিতাবাঘকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়লো পোষা কুকুর! তা দেখলে একেবারে অবাক হয়ে যাবেন।
উত্তরাখণ্ডের পাহাড়ি ও জঙ্গল সংলগ্ন লোকালয়গুলোতে খাবারের খোঁজে চিতাবাঘের ঢুকে পড়া নতুন কোনও বিষয় নয়।
উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে সম্প্রতি এই ঘটনা ঘটেছে। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি বাড়ির দোতলায় উঠে পড়েছিল চিতাবাঘ। বাড়ির লোকজন ততক্ষণে ভয়ে ঘর বন্দী। ড্রয়িং রুমে সেই সময়ে বাড়ির পোষ্যটি শুয়ে ছিল। রাতের অন্ধকারে গোপনে ঢুকে পড়ে ওই চিতা বাঘটি। আচমকাই ঘুমন্ত কুকুরটির ওপর ঝাঁপিয়ে পড়ে। আকস্মিক এই হামলায় ভয়ে পিছিয়ে না গিয়ে কুকুরটি পালটা লড়াই শুরু করে। চিতাবাঘটি তাকে কাবু করার প্রাণপণ চেষ্টা করলেও কুকুরটি ঝুঁকি নিয়ে লড়াই চালিয়ে যায়। দু'পক্ষের মধ্যে ঠিক কতটা লড়াই হয়েছে, তা সিসিটিভি ফুটেজে স্পষ্ট।
যদিও শেষমেশ পোষ্য সারমেয়র অদম্য সাহস ও তীব্র প্রতিরোধের মুখে চিতাবাঘটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়। শুধু তাই নয়, প্রাণ বাঁচাতে নিজেই সেখান থেকে পালিয়ে যায়। পুরো ঘটনাটি মাত্র ২৫ সেকেন্ডের মধ্যে ঘটে। বলে রাখা প্রয়োজন, উত্তরাখণ্ডের পাহাড়ি ও জঙ্গল সংলগ্ন লোকালয়গুলোতে খাবারের খোঁজে চিতাবাঘের ঢুকে পড়া নতুন কোনও বিষয় নয়। তবে ভয় না পেয়ে একটি কুকুরের এভাবে নিজেকে বাঁচানোর ও চিতাবাঘকে তাড়িয়ে দেওয়ার মুহূর্তটি মানুষের নজর কেড়েছে।
