shono
Advertisement
Offbeat News

বন্ধু চল...! বিদেশি অর্থ পেয়ে বন্ধুদের ভরপেট খাওয়াল খুদে ইনফ্লুয়েন্সর, ভাইরাল হুল্লোড়ের ভিডিও

ফ্রেঞ্চ ফ্রাই থেকে ঠান্ডা পানীয়, দারুণ দারুণ খাবারে রীতিমতো পিকনিকের আমেজ বন্ধুমহলে।
Published By: Sucheta SenguptaPosted: 05:03 PM Sep 13, 2026Updated: 05:05 PM Sep 13, 2026

বয়সটা নিখাদ বন্ধুত্বের। ছোট থেকে ছোট দৈনন্দিন বিষয় বন্ধুদের সঙ্গে ভাগ করে না নিলে দিনশেষে যেন মনটা ভার হয়ে থাকে, পেটের ভিতরটা গুড়গুড় করে! বন্ধুত্বের টানে জান পর্যন্ত কবুল, তো খাওয়ানো আর কী এমন ব্যাপার? আর তাই ফি দিন বন্ধুদের জন্য অল্পবিস্তর কিছু রান্নাবান্না করে সুরজ কুমার নামে খুদে ইনফ্লুয়েন্সর। সেসব ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেই সে 'হিরো'। সুরজের মিষ্টিমধুর গল্পেসল্পে অনেকেই ফিরে যান নিজেদের ছোটবেলায়। তো সেই ছেলেটি এবার বিরাট কাণ্ড ঘটিয়ে ফেলল! সুরজের কনটেন্ট দেখে মহা খুশি হয়ে কানাডা থেকে অর্থসাহায্য পাঠিয়েছিলেন এক মহিলা। আর সেই টাকায় বন্ধুদের নিয়ে জমজমাট খাওয়াদাওয়ার আয়োজন করল সুরজ! সেই ভিডিও দেখে আপ্লুত নেটদুনিয়া। 

Advertisement

খুব সাধারণ, রোজকার বিষয়বস্তু নিয়ে মজার ছলেই কনটেন্ট তৈরি করে সুরজ। ছোটখাটো রান্না, বন্ধুদের খাওয়ানো, গল্প-আড্ডা - এসবই তার ভিডিওর বিষয়। সীমিত পুঁজি নিয়ে খুদে ক্রিয়েটরের এসব 'ক্রিয়েশন'ই নেটদুনিয়ায় ভাইরাল, তার প্রচুর ফলোয়ার। তার কনটেন্ট ভালো লাগে বলে কানাডা থেকে কেশা নামে এক মহিলা সুরজকে আরও ভালোভাবে কনটেন্ট তৈরির জন্য বেশ কিছু আর্থিক সাহায্য পাঠান। আর সেই টাকা পেয়ে আনন্দে ডগমগ সুরজ বন্ধুদের ডেকে রীতিমতো পিকনিকের আয়োজন করে ফেলল। অন্যদিন সে নিজে বন্ধুদের জন্য রান্নাবান্না করে। কিন্তু এই দিনটিতে বেশি রান্না নয়। আলু কেটে ফ্রেঞ্চ ফ্রাই বানাল সে। সেই ভিডিও আপলোড করতেই হু হু করে আরও বেড়ে যায় ভিউ।

তাতে দেখা যায়, ছাদে বসে পিকনিক করছে সুরজ ও বন্ধুরা। সুরজের বানানো ফ্রেঞ্চ ফ্রাইয়ের পাশাপাশি তাদের প্লেটে ভর্তি কাপকেক, প্যাটিস, গোলাপজাম। আর প্রত্যেকের কাছে ঠান্ডা পানীয়ের আলাদা আলাদা বোতল। যা এদের কাছে বেশ রাজকীয় ব্যাপারই বটে! এতদিন তো এক বোতল কোল্ড ড্রিংকই সবাই মিলে ভাগ করে খেত। একটা দিন বন্ধু সুরজের দৌলতে তাদের বেশ ভালোমন্দ খাবার জুটল। আনন্দে আত্মহারা সকলে। সুরজের সাম্প্রতিক ভিডিওতেই তা স্পষ্ট। ছোট ছোট ছেলেদের এই অনাবিল হাসি আর আনন্দ ভরে ওঠা মুখগুলি দেখে নেটিজেনরাও আপ্লুত। অনায়াসে সুরজ অ্যান্ড কোং গাইতেই পারে - 'ইয়ে দোস্তি...হাম নহি তোড়েঙ্গে।' কানাডার কেশা অর্থাৎ যিনি সুরজকে অর্থসাহায্য করেছেন, তিনিও বেশ প্রশংসা পাচ্ছেন। তবে সব ছাপিয়ে নেটদুনিয়ায় এখন বন্ধুত্বের অন্য গল্পই 'হিট'। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement