এই পৃথিবীর সকল কিছুই আদতে নিরপেক্ষ। সোশাল মিডিয়াও তাই। ভালোবাসা ও ঘৃণা দুই ছড়ানো যায় সমাজিকমাধ্যমের জোরে। পাকিস্তানের এক ইউটিউবার যেমন ঘৃণার বার্তা দিলেন। এক ভারতীয় ক্রীড়া সাংবাদিককে হুমকি দিতে ক্যামেরার সামনে এসে বাড়ির ভিতরে গুলি চালালেন ওই ব্যক্তি। এই ভিডিও ভাইরাল হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। পাকিস্তানি ইউটিউবারকে 'জঙ্গি' তকমা দিল নেটপাড়া।
ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ফাদার অফ আপকা আলিবিনলুলি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ভিডিওতে দেখা গিয়েছে, পাকিস্তানি ইউটিউবার মহসিন আলি ভারতীয় ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্তকে হুমকি দিচ্ছেন। ভিডিওয় তাঁকে বলতে শোনা গিয়েছে, শুধুমাত্র বিক্রান্তকে গুলি করার জন্যই বন্দুকটি রেখেছেন তিনি। এর পরেই বাড়ির ভিতরে সোফার পিছনে বন্দুক হাতে দাঁড়িয়ে গুলি চালান মহসিন।
ভিডিওটি একদিকে যেমন ভাইরাল হয়েছে, লাইক-কমেন্টের বন্যাও বইছে, তেমনই সমালোচনায় বিদ্ধ হচ্ছেন পাক ইউটিউবার। একজন লিখেছেন, "দায়িত্বজ্ঞানহীন। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে কেউ আহত হতে পারতেন।" অন্য এক ব্যক্তি লিখেছেন, "নিজের বাড়িতে গুলি চালানো। পাকিস্তানিরা যে মূর্খ, এর থেকে বড় প্রমাণ হয় না।" নেটাগরিকদের কেউ কেউ আবার ইউটিউবারকে ‘জঙ্গি’ তকমাও দিয়েছেন। অনেকে অবশ্য পাক ইউটিউবারের কাণ্ড দেখে মজার মন্তব্য করেছেন।
