ইরান যুদ্ধের জেরে অবরুদ্ধ বিশ্বের 'তৈল ধমনী' হরমুজ প্রণালী। এর জেরে জ্বালানিতে টান পড়ছে দেশে। অনেকে শঙ্কিত--- বাড়তে পারে তেলের দাম, এমনকী ভবিষ্যতে তেল সরবরাহ বন্ধ হতে পারে। এই অবস্থায় পেট্রল পাম্পে তেল ভরতে গিয়ে অতিরিক্ত তেলের জন্য অভিনব কৌশল নিলেন এক ব্যক্তি। গাড়ির পিছনে উঠে ক্রমাগত লাফ দিলেন তিনি। এভাবে নাকি ৭ থেকে ৮ লিটার অতিরিক্ত তেল ভরা সম্ভব। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। নেটাগরিকরা কৌতুক করে বলছেন, বিপদে পড়লে মানুষের সৃজনশক্তি বাড়ে!
পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে রান্নার গ্যাসে টান পড়ায় ইতিমধ্যে একাধিক নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে এই আবহে ‘ডম লুকরে’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি রাজস্থানের একটি পেট্রল পাম্পে ঘটেছে। সেখানে দেখা গিয়েছে, পেট্রল পাম্পে তেল ভরানোর জন্য একটি গাড়ি দাঁড়িয়ে। পেট্রল পাম্পের এক কর্মী যখন ওই গাড়িতে তেল ভরতে শুরু করলেন, তখনই গাড়ির পিছনে উঠে পড়েন গাড়ির মালিক। এর পর তিনি জোরে জোরে লাফাতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা এমন কাণ্ডে অবাক হয়ে যান। কেন লাফাচ্ছিলেন গাড়ির মালিক?
অদ্ভূত কাণ্ড করা গাড়ির মালিকের বক্তব্য, ‘‘এ রকম করলে গাড়িতে অতিরিক্ত ৭ থেকে ৮ লিটার তেল ভরানোর জায়গা পাওয়া যায়।’’ সমাজমাধ্যমে রাজস্থানের পেট্রল পাম্পের এই ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে হেসে কূল পাচ্ছে না নেটপাড়া। অনেকে মজা করে বলেছেন, অতিরিক্ত তেল ভরার এমন কৌশল আমাদের জানা ছিল না। এবার থেকে তেল বেশি করে ভরতে এটাই করব।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে ভারতে তেল এবং গ্যাস সরবরাহে সংকট শুরু হয়েছে। আতঙ্ক বাড়ছে আমজনতার মধ্যে। তবে এহেন পরিস্থিতিতে কেন্দ্রের তরফে জানানো হল, আগামী ৬০ দিনের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। শুধু তাই নয়, হরমুজ প্রণালী বন্ধ থাকার পরেও অন্তত ৪০টির বেশি জায়গা থেকে তেল আমদানি করছে ভারত। যুদ্ধের আগে থেকেই পর্যাপ্ত জ্বালানি মজুতের প্রক্রিয়া শুরু হয়েছে দেশের শোধনাগারগুলিতে, এমনটাই জানিয়েছে কেন্দ্র।
