shono
Advertisement
Israel-Iran conflict

পদক জেতার পর যুদ্ধের আগুনে আটকে ভারতীয় মহিলা কুস্তিগিররা, দুবাইয়ে বন্দি সিন্ধুও উদ্বেগে

১৬ জন কুস্তিগির এবং তাঁদের কোচরা আলবেনিয়া পাড়ি দিয়েছিলেন। ইতিমধ্যেই তিনটি রুপো এবং দু'টি ব্রোঞ্জ জিতেছেন ভারতের কুস্তিগিররা। ইরানের যুদ্ধের জেরে আটকে পড়েছেন তাঁরা।
Published By: Anwesha AdhikaryPosted: 01:22 PM Mar 01, 2026Updated: 01:22 PM Mar 01, 2026

ইরান-ইজরায়েল যুদ্ধের থাবায় আটকে পি ভি সিন্ধু। ভয়ংকর অভিজ্ঞতার কথা সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি। রবিবার সকালে এক্স হ্যান্ডেলে ব্যাডমিন্টন তারকা জানান, আপাতত নিরাপদ আছেন তিনি। কিন্তু দুবাইয়ে এখনও আটকে রয়েছেন। যুদ্ধের ভয়াবহতা দেখে সিন্ধুর উপলব্ধি, মানবজীবন খুবই ঠুনকো। তিনি নিজে আপাতত সুরক্ষিত থাকলেও ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করছেন সিন্ধু।

Advertisement

অল ইংল্যান্ড ওপেন শুরু হতে চলেছে মঙ্গলবার, ৩ মার্চ থেকে। ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট খেলতে দুবাই হয়ে বার্মিংহ্যামে যাওয়ার কথা সিন্ধুর। কিন্তু শনিবার দুবাই পৌঁছনোর পরেই ঘোরতর সমস্যায় পড়েন অলিম্পিকে দু’বার অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারকা। যুদ্ধ পরিস্থিতির জেরে ইংল্যান্ডগামী বিমান বাতিল করে দেওয়া হয়। এমনকী আমেরিকা-ইজরায়েলের আক্রমণ আছড়ে পড়ে দুবাই বিমানবন্দরেও। সেখানেই নিজের টিমের সঙ্গে আটকে রয়েছেন সিন্ধু। পরিস্থিতি স্বাভাবিক হয়ে কবে বিমান চলাচল স্বাভাবিক হবে, কবে দুবাই ছেড়ে বেরতে পারবেন তিনি-কোনওটাই নিশ্চিত নয়।

শনিবারই নিজের অবস্থা সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন সিন্ধু। তারপর থেকেই ভারতীয় ক্রীড়াদুনিয়ায় উদ্বেগ বাড়ে তারকা শাটলারকে নিয়ে। অনেকেই মেসেজ করেন তাঁকে। পরে এক্স হ্যান্ডেলে সিন্ধু জানান, 'অনেকেই আমার খবর নিয়েছেন তাঁদের ধন্যবাদ জানাই। আমি আপাতত দুবাইয়ে আটকে রয়েছি। বিমানবন্দরের অবস্থা রীতিমতো খারাপ, বহু মানুষ আটকে রয়েছেন। এর আগে যতবার দুবাইয়ে এসেছি, নিরাপদ থেকেছি। কিন্তু এই দুবাইকে সেটার সাথে মেলাতে পারছি না। এই সময়গুলোতে মনে হয়, আমাদের জীবন কতখানি ঠুনকো।'

সিন্ধু ছাড়াও ইরানের যুদ্ধের জেরে আটকে পড়েছেন ভারতের মহিলা কুস্তিগিররা। অন্তত ১৬ জন কুস্তিগির এবং তাঁদের কোচরা আলবেনিয়া পাড়ি দিয়েছিলেন। ইতিমধ্যেই তিনটি রুপো এবং দু'টি ব্রোঞ্জ জিতেছেন ভারতের কুস্তিগিররা। কিন্তু আপাতত হোটেল খালি করতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। যেহেতু আকাশসীমা বন্ধ, তাই অবিলম্বে আলবেনিয়া থেকে ফিরে আসাও কার্যত অসম্ভব। ভারতীয় দূতাবাসের তরফ থেকে তাঁদের দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement