shono
Advertisement

Breaking News

Narendra Modi

২০৩৬ অলিম্পিকের লক্ষ্যে 'খেলো ইন্ডিয়া'য় জোর মোদির, উলুবেড়িয়া কলেজে বিশেষ কর্মসূচি

Khelo India: ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের স্বপ্নকে সামনে রেখে দেশজুড়ে ক্রীড়া প্রতিভা খোঁজার এই উদ্যোগ কতটা কার্যকর হয়, সে দিকে এখন নজর ক্রীড়ামহলের।
Published By: Prasenjit DuttaPosted: 03:04 PM Aug 26, 2026Updated: 03:19 PM Aug 26, 2026

৩৯টি পদক জিতে কমনওয়েলথ গেমসে চতুর্থ স্থানে শেষ করেছে ভারত। এবার পাখির চোখ অলিম্পিক। সেখানে আরও ভালো ফল করাই লক্ষ্য। তাছাড়া ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের অন্যতম দাবিদারও ভারত। সেই লক্ষ্যকে সামনে রেখে দেশের ক্রীড়াক্ষেত্রে তৃণমূল স্তর থেকে পরিকাঠামো উন্নয়ন, প্রতিভা অন্বেষণ এবং প্রশিক্ষণের উপর জোর দেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তারই অংশ হিসাবে বৃহস্পতিবার, ২৭ আগস্ট দেশজুড়ে আয়োজিত হতে চলেছে 'খেলো ইন্ডিয়া যুবা কানেক্ট' (Khelo India) কর্মসূচি। এই কর্মসূচির আওতায় বিশেষ অনুষ্ঠান হবে হাওড়ার উলুবেড়িয়া কলেজেও।

Advertisement

বৃহস্পতিবার, ২৭ আগস্ট দেশজুড়ে আয়োজিত হতে চলেছে 'খেলো ইন্ডিয়া যুবা কানেক্ট' কর্মসূচি। এই কর্মসূচির আওতায় বিশেষ অনুষ্ঠান হবে হাওড়ার উলুবেড়িয়া কলেজেও।

দেশের ভবিষ্যৎ ক্রীড়া প্রতিভাদের খুঁজে বার করা এবং তাঁদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। পাশাপাশি অ্যাথলিট, যুবসমাজ এবং দেশের ক্রীড়া পরিকাঠামোর সঙ্গে একটি অভিন্ন মঞ্চ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশের ১৬০০-রও বেশি জায়গায় এই কর্মসূচির আয়োজন করা হবে। সেখানে ৮ লক্ষেরও বেশি যুব অংশগ্রহণকারীকে ভার্চুয়ালি সম্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন। অনুষ্ঠানে তরুণ অ্যাথলিটরা মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। নিজেদের সমস্যা, প্রয়োজন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরতে পারবেন তাঁরা। পাশাপাশি গত ১২ বছরে দেশের ক্রীড়া পরিকাঠামোর পরিবর্তন এবং ভারতীয় ক্রীড়াক্ষেত্রের অগ্রগতি নিয়েও আলোচনা হবে। এই কর্মসূচির অংশ হিসাবে উলুবেড়িয়া কলেজেও বৃহস্পতিবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কলেজের অধ্যক্ষা লিপিকা মণ্ডল জানান, দেশের প্রতিটি জেলার দু'টি করে কলেজকে এই কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষা লিপিকা মণ্ডল জানান, দেশের প্রতিটি জেলার দু'টি করে কলেজকে এই কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়েছে।

উলুবেড়িয়া কলেজের সঙ্গে এর আগেও প্রধানমন্ত্রীর এমন কর্মসূচির যোগ ছিল। লিপিকা জানিয়েছেন আগের একটি অনুষ্ঠানে কলেজের ১২০০-র বেশি পড়ুয়া ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন। এবারও পড়ুয়াদের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে বলে জানান তিনি। ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের স্বপ্নকে সামনে রেখে দেশজুড়ে ক্রীড়া প্রতিভা খোঁজার এই উদ্যোগ কতটা কার্যকর হয়, সে দিকে এখন নজর ক্রীড়ামহলের। উলুবেড়িয়া কলেজও সেই বৃহত্তর উদ্যোগের অংশ হয়ে উঠতে চলেছে ২৭ আগস্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement