shono
Advertisement
PM Modi

বিদেশে ভারতের বিকৃত মানচিত্র দেখে প্রতিবাদ, বক্সার লভলিনাকে প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী

সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে বিতর্ক বাঁধিয়েছিল গ্লাসগোর এক রেস্তঁরা। সেখানে ন্যাপকিনে ছাপা ছিল ভারতের বিকৃত মানচিত্র!
Published By: Arpan DasPosted: 06:59 PM Aug 10, 2026Updated: 08:37 PM Aug 10, 2026

ন্যাপকিনে ছাপা ভারতের বিকৃত মানচিত্র! সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে বিতর্ক বাঁধিয়েছিল গ্লাসগোর এক রেস্তঁরা। দেখা মাত্রই জ্বলে ওঠেন ভারতীয় বক্সার লভলিনা বরগোঁহাই (Lovlina Borgohain)। তাঁর প্রতিবাদে রেস্তরাঁ কর্তৃপক্ষ নিঃশর্ত ক্ষমা চেয়ে নেয়। বিদেশভূমে লভলিনার এই দেশপ্রেমের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। পদকজয়ী অ্যাথলিটদের সাক্ষাতে ভারতীয় বক্সারের থেকে পুরো গল্প শোনেন মোদি।

Advertisement

গ্লাসগো কমনওয়েলথে ভারত ১৩টি সোনা, ১৭টি রুপো ও ৯টি ব্রোঞ্জ জিতেছে। নয়া দিল্লিতে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাতে মোদি তাঁদের কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প ও প্রতিশ্রুতির প্রশংসা করেন। তিনি বারবার ভারতে ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার উপর জোর দেন। সেখানেই লভলিনাকে জিজ্ঞেস করেন, "কী হয়েছিল? গ্লাসগোর রেস্তরাঁয় ঝগড়া করছিলে কেন?"

প্রধানমন্ত্রীর মুখে এই কথা শুনে লভলিনা হেসে ফেলেন। তারপর বলেন, "আমরা খুব ভালো খেলছিলাম। সেটা ছিল গেমসের শেষ দিন। খুবই ভালো মুহূর্ত ছিল। আমরা সেলিব্রেট করছিলাম। ওই বিকৃত পতাকাটা আমার পছন্দ হয়নি। আমি ভদ্রভাবেই ওদের বলি। ওরা সেটা বদলেও দেয়।" যার উত্তরে মোদি বলেন, "সেলিব্রেশনের মাঝেও মানচিত্র নিয়ে কথা বলাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সত্যি কথা বলতে, অসাধারণ কাজ করেছ। লোকে বহুদিন মনে রাখবে।"

গ্লাসগো কমনওয়েলথ গেমসে সাত-সাতজন বক্সার সোনা জিতেছেন। তিনজন রুপোর পদক। সেই সাফল্য উদযাপন করতেই গ্লাসগোর ‘মিস্টার সিংস ইন্ডিয়া, দ্য হোম অব কারি’ রেস্তরাঁয় গিয়েছিলেন বক্সারেরা। সেখানেই একটি ন্যাপকিন হাতে তুলে নিয়ে লভলিনা দেখান, তাতে থাকা ভারতের মানচিত্রে উত্তর-পূর্ব ভারতের অংশ অনুপস্থিত। তাঁর দাবি, রেস্তরাঁর বাইরের লোগোতেও একই ভুল রয়েছে। ভিডিওয় লভলিনা বলেন, “ভারতের মানচিত্রে আমাদের উত্তর-পূর্ব অংশটাই নেই। আমি নিজে উত্তর-পূর্ব ভারতের মানুষ। তাই এটা আমাদের খুবই কষ্ট দেয়। শুধু এটুকুই বলতে চেয়েছিলাম। ভবিষ্যতে বিষয়টি মাথায় রাখবেন। ধন্যবাদ।” রেস্তরাঁ জানিয়েছে, সঠিক মানচিত্র ব্যবহার করে নতুন লোগো তৈরি করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement