shono
Advertisement
Asmita Dey

কমনওয়েলথ জুডোয় ইতিহাস গড়ে সোনা, এবার ডিএসপি হচ্ছেন বাঙালি কন্যা অস্মিতা

কমনওয়েলথ গেমসে জুডোয় সোনা জিতে ইতিহাস গড়েছিলেন ত্রিপুরার অস্মিতা দে। তার পুরস্কার পেলেন প্রথম ভারতীয় খেলোয়াড় হিসাবে সোনা জিতে নজির গড়া বাঙালি কন্যা।
Published By: Prasenjit DuttaPosted: 08:59 AM Aug 09, 2026Updated: 05:17 PM Aug 09, 2026

কমনওয়েলথ গেমসে জুডোয় সোনা জিতে ইতিহাস গড়েছিলেন ত্রিপুরার অস্মিতা দে (Asmita Dey)। তার পুরস্কার পেলেন প্রথম ভারতীয় খেলোয়াড় হিসাবে সোনা জিতে নজির গড়া বাঙালি কন্যা। এবার কর্মজীবনেও বড় সাফল্য পেলেন। সাব-ইনস্পেক্টর অস্মিতাকে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ (ডিএসপি) পদে উন্নীত করতে চলেছে উত্তরপ্রদেশ পুলিশ।

Advertisement

কমনওয়েলথ গেমসের জুডোর ফাইনালে কানাডার হেইডি কুয়াচকে হারিয়ে সোনা জেতেন অস্মিতা। তিনিই প্রথম ভারতীয় খেলোয়াড়, যিনি কমনওয়েলথে জুডোয় সোনা জয়ের নজির গড়েন। তাঁর পরেই সোনা জেতেন হর্ষ সিং। তবে প্রথম ভারতীয় হিসাবে সোনা জয়ের কৃতিত্ব থেকে যায় অস্মিতার। এক ওয়েবসাইটকে অস্মিতা বলেন, "আমাকে বলা হয়েছে ডিএসপি করা হবে। একটা চিঠিও পেয়েছি। সেখানেই লেখা ছিল। এখন আমি সাব-ইনস্পেক্টর।"

তাঁর সাফল্যের নেপথ্যে উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকার কথাও উল্লেখ করেছেন তিনি। অস্মিতার কথায়, "উত্তরপ্রদেশ পুলিশ আমাকে সবসময় অনেক সাহায্য করেছে। কমনওয়েলথে যাওয়ার আগেও তারা আমাকে আর্থিকভাবে সহযোগিতা করেছে। এর জন্য আমি খুবই কৃতজ্ঞ। তাদের এই সাহায্য আমি কখনও ভুলব না। আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে সাহায্য করেছে উত্তরপ্রদেশ পুলিশ।" তবে এই আনন্দের মুহূর্তেও বাবাকে মনে পড়ছে অস্মিতার। গত ডিসেম্বরে বাবাকে হারিয়েছেন তিনি। কমনওয়েলথে সোনা জয়ের পরও বাবার কথা বলেছিলেন।

পদোন্নতির খবর পেয়ে আবেগাপ্লুত অস্মিতা বলেন, "আজ বাবা বেঁচে থাকলে খুব খুশি হতেন। এই পদোন্নতি আমি বাবাকে উৎসর্গ করছি। বাবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তিনিই আমার সবচেয়ে বড় সমর্থক ছিলেন।" উত্তরপ্রদেশ পুলিশের এক কর্তার কথায়, "অস্মিতাকে ডিএসপি পদমর্যাদায় উন্নীত করা হচ্ছে। চিঠি তৈরি করা হচ্ছে। এবার পুরো প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা। মুখ্যমন্ত্রী আদিত্যনাথকেও চিঠি পাঠানো হয়েছে। উনি সই করলেই আনুষ্ঠানিক ভাবে অস্মিতা ডিএসপি পদে যোগ দেবেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement