Advertisement
এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে 'প্রপোজ' দেখে তাজ্জব? অবিশ্বাস্য এসব প্রেম প্রস্তাব জানলে ভিরমি খাবেন!
হেলিকপ্টার থেকে লাফ, পুলিশের সামনে প্রপোজের মতো এমন সব ঘটনা জানলে তাক লেগে যাবে।
গোটা নিউইয়র্ক শহরকে সাক্ষী রেখে একেবারে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাথায় উঠে প্রেমিকার সঙ্গে বাগদান সারতে দেখা গিয়েছিল এক যুবককে। যদিও এর ফলশ্রুতি হিসেবে হাতকড়া পরতে হল তাঁদের, তবু প্রেমের এমন অভিনব দৃশ্য ভাইরাল মুহূর্তে! কিন্তু জানেন কি, বিশ্বজুড়ে এমন সব নজির রয়েছে 'প্রপোজ' করার, যার কাছে এই ঘটনাও 'নস্যি'!
প্রথমেই স্কুবা ডাইভিংয়ের গভীর অনুরাগী এক তরুণের যুগলের গল্প! দু'জনই চেয়েছিলেন প্রেমপ্রস্তাবের মুহূর্তটি হোক এক্কেবারে রুপোলি পর্দার মতো। আর যেমন ভাবা তেমন কাজ। বেলিজ উপকূলের কাছে অবস্থিত বিশাল এক সামুদ্রিক গহ্বর বা ‘মেরিন সিঙ্কহোলে’ লাফ দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা! এবং সেটা হেলিকপ্টার থেকে! আর সত্যিই তাই করেন। এবং প্রবাল প্রাচীরে ঘুরতে ঘুরতেই সম্পন্ন করেন বাগদান। তাক লেগে যায় সকলের।
এবার আরেক 'পাগলপারা' প্রেমের গল্প। মারলন লেউইন্টার তাঁর প্রেমিকা অ্যাশলি ইয়ানোভারকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন টিভিতে! অ্যাশলি এ ব্যাপারে কিছুই জানতেন না। তাঁকে বলা হয়েছিল যে তাঁদের ‘দিনের সেরা দর্শক’ হিসেবে বেছে নেওয়া হয়েছে। আর সেখানেই তাঁকে চমকে দিয়ে প্রেমিক বিয়ের প্রস্তাবটি দিয়ে বসেন। একেবারে টিভির পর্দায় এমন প্রেম প্রস্তাব! এরপর আর অ্যাশলি না বলতে পারেন!
এবার আরও নাটকীয় ব্যাপার! বাড়িতে একটি শান্ত বিকেল কাটানোর পর বিকেলে মোটরসাইকেলে বেড়াতে বেরিয়েছিলেন এক যুগল। কিছুক্ষণ পরেই, এক পুলিশ কর্মকর্তা তাদের পেছনে এসে গাড়ি থামানোর সংকেত দেন। তিনি রক্তচক্ষু দেখিয়ে চালকের লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন কাগজ দেখতে চান। অমনি প্রেমিক তাঁর প্রেমিকাকে বলেন জ্যাকেটের পকেট থেকে মানিব্যাগ বের করে দিতে। লাইসেন্সের বদলে তিনি পকেট থেকে বের করে আনেন একটি হিরের আংটি! যখন একজন পুলিশ কর্মকর্তা সাক্ষী হিসেবে সামনেই দাঁড়িয়ে আছেন, তখন ‘না’ বলার কোনও সুযোগই ছিল না।
জেসন লোয়েনথাল বিয়ের প্রস্তাব দেওয়ার আগে ধাঁধার খেলার আয়োজন করেছিলেন! প্রেমিকা পেশায় অ্যাকাউন্ট্যান্ট। তাই মগজাস্ত্র খাটিয়ে হৃদয় জয়ের পরিকল্পনা। প্রেমিকা ভেবেছিলেন, তাঁরা কেবল রবিবারের বিকেলে নিছক ভ্রমণে বেরিয়েছেন। অথচ প্রথমে বাথরুমের আয়নার কাগজে লেখা সূত্র, সেখান থেকে একটি খাবারের দোকানে। এভাবে ১৮টি জায়গা ঘুরে অবশেষে তিনি মায়ের বাড়িতে পৌঁছান। সেখানেই সকলকে সাক্ষী রেখে তাঁকে বিয়ের প্রস্তাব দেন প্রেমিক।
ভালোবাসা খুঁজতে শিকারে বেরিয়েছিলেন এক যুগল! এক ভ্রমণ সংস্থার সঙ্গে চুক্তি সেরে মঙ্গোলিয়ায় যান তাঁরা। সঙ্গে ছিলেন একজন স্থানীয় কাজাখ শিকারী, ছিল এক রীতিমতো প্রশিক্ষিত ঈগল। সে উড়তে উড়তে আগে থেকে রেখে আসা একটি আংটি খুঁজে আনে। আর সেই আংটি প্রেমিকার হাতে পরিয়ে বিয়ের প্রস্তাব দেন প্রেমিক। ভাবুন তো, এমন সব অভিনব প্রস্তাবের কাছে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাথায় নেহাতই সাধারণ ব্যাপার নয়?
Published By: Biswadip DeyPosted: 09:34 PM Jul 10, 2026Updated: 09:34 PM Jul 10, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
