Advertisement
শুটিং সেটে মারাত্মক দুর্ঘটনা, রাজেশ শর্মার মতো ভয়ংকর পরিস্থিতির শিকার অমিতাভ টু আলিয়া
শুটিং সেটে অনেকসময়ই জখম হন তারকারা। কখনও বরাতজোরে রক্ষা পেয়ে যান তো কখনও আবার মারাত্মক পরিণতির শিকার হন। অভিনেতা রাজেশ শর্মা থেকে অমিতাভ বচ্চন, আলিয়া ভাটসহ আর কোন সেলেব শুটিং করতে গিয়ে আহত হয়েছেন?
দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে ‘ফৌজি’ সিনেমার শুটিংয়ের সময় সেটেই বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ রাজেশ শর্মা। বর্তমানে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা। দিন তিনেক কাটিয়ে এখন তিনি অনেকটাই বিপন্মুক্ত। তবুও চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। রাজেশের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই হিন্দি এবং বাংলা সিনেপাড়ায় উদ্বেগ!
এবার আসা যাক বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের কথায়। 'কুলি' ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় মারাত্মক চোট পেয়েছিলেন বিগ বি। লাফ দেওয়ার সময় ভুলবসত টেবিলের কোণায় সজোরে পেটে আঘাত পান। চোট এতটাই গুরুতর হয়েছিল যে শরীরের ভেতরে ব্যাপক রক্তক্ষরণ শুরু হয়। অস্ত্রোপচারের পর মৃত্যুর মুখ থেকে ফিরেছিলেন অমিতাভ। সুস্থ হয়ে উঠতে বেশ কয়েক মাস সময় লেগেছিল। আসমুদ্রহিমাচল অমিতাভের ভক্তরা তাঁর আরোগ্য কামনা করেছিলেন।
লুধিয়ানায় 'দঙ্গল' ছবির শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন আমির খান। বাস্তবের কাহিনিকে পর্দায় ফুটিয়ে তুলতে অক্লান্ত পরিশ্রমের জেরেই শুটিংয়ের মাঝে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেসময় কয়েকদিন শুটিং বন্ধ রাখতে হয়েছিল।
অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় চোট পান ভাইজান। 'ওয়ান্টেড' ছবিতে মারপিটের দৃশ্যের শট দিতে গিয়ে হাতের লিগামেন্টে আঘাত পেয়েছিলেন। তীব্র যন্ত্রণা সত্ত্বেও শুটিং চালিয়ে যান এবং স্টান্টও করেন।
সলমনের মতোই 'ব্যাং ব্যাং' ছবির অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্টান্ট দৃশ্যের শুটিংয়ের সময় গুরুতর আহত হন হৃতিক রোশন। স্টান্ট করার সময় মাথায় আঘাত লেগেছিল হৃত্বিকের। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। পরবর্তীতে তাঁর অস্ত্রোপচার করতে হয় এবং কিছু সময়ের জন্য শুটিং থেকে বিরতিও নিয়েছিলেন অভিনেতা।
জাতীয় পুরস্কারজয়ী সিনেমা 'সর্দার উধম'-এর জন্য ভিকি কৌশলকে শারীরিক রূপান্তরের প্রয়োজন ছিল। চরিত্রকে নিঁখুতভাবে ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করেছিলেন। অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে একাধিকবার আহত হন। সেই সঙ্গে চরম শারীরিক ক্লান্তির শিকার হন। চরিত্রটিকে যতটা সম্ভব বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলত সব কষ্ট দাঁতে দাঁত চেপে সহ্য করেছিলেন ভিকি।
শুটিং সেটে দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। 'এমএস ধোনি'তে ‘হেলিকপ্টার শট’ নিখুঁতভাবে রপ্ত করতে কঠোর পরিশ্রম করেছিলেন। অনুশীলনের সময় পাঁজরের হাড়ে চোট লেগেছিল। গুরুতর আঘাত পাওয়ার পরও নিজেকে বিরত রাখেননি। যা ছিল তাঁর কাজের প্রতি একাগ্রতা ও পেশাদারিত্বের প্রমাণ।
শুধু অভিনেতারাই নয়, অভিনেত্রীরাও শট দিয়ে বিপদের মুখোমুখি হন। সেই তালিকায় রয়েছেন 'আলফা' আলিয়া। 'ব্রহ্মাস্ত্র' ছবির জন্য বুলগেরিয়ায় অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন আলিয়া ভাটের কাঁধ ও হাতে চোট লাগে। সুস্থ হতে বেশ অনেকটাই সময় লেগেছিল। আরও দৃঢ় সংকল্প নিয়ে সেটে কামব্যাক করেছিলেন রণবীর ঘরনি।
‘খাকি’ ছবির শুটিং চলাকালীন ঐশ্বর্য রাই বচ্চনের বাঁ পায়ে ফ্র্যাকচারের সঙ্গে গভীর ক্ষত হয়ে গিয়েছিল। তবুও শুটিং থেকে নিজেকে গুটিয়ে নেননি। অ্যাকশনভিত্তিক ছবিতে কেন্দ্রীয় চরিত্রে রাই সুন্দরীর অনবদ্য অভিনয় আজও লোকমুখে ফেরে। বাকি অভিনেতা-অভিনেত্রীদের মতো তিনিও একজন পেশাদার শিল্পীর মতোই যন্ত্রণাকে সঙ্গী করেই কাজ চালিয়ে গিয়েছিলেন।
তালিকায় রয়েছেন অভিনেতা শাহিদ কাপুরহও। 'কমিনে' ছবির শুটিংয়ের সময় প্রায় পাঁচ থেকে ছয়বার আহত হয়েছিলেন। শুটিং চলাকালীন তাঁর কব্জিতে গভীর ক্ষত তৈরি হয়েছিল। অ্যাকশন দৃশ্যে শট দেওয়ার সময় শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও কালশিটে পড়ে গিয়েছিল। তীব্র ব্যথা সত্ত্বেও তিনি শুটিং চালিয়ে যান। সুশান্তের মতো কাজের প্রতি নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রমাণ দিয়েছিলেন।
Published By: Kasturi KunduPosted: 05:21 PM Jul 10, 2026Updated: 05:25 PM Jul 10, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
