Advertisement
বৃষ্টি পড়তেই মশাদের আনাগোনা! এই ৬ উপায়েই করে দিন 'অলআউট'
বাড়ির আশেপাশে অথবা ভিতরে যেন জল জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। ট্রে, ড্রাম, বালতি অথবা গাছের টবেও যদি দীর্ঘ সময় জল জমে থাকে, তবে বর্ষাকালে তার মধ্যে মশারা ডিম পাড়ে। এভাবে উত্তরোত্তর বেড়ে চলে তাদের সংখ্যা।
প্যাচপ্যাচে গরম আর মাঝেমধ্যেই বৃষ্টি! ফলে গৃহস্থের বাড়িতে মশাদের আনাগোনা বাড়ছে! সারাক্ষণ কি জানলা বন্ধ রাখা যায়? মশারিও টাঙিয়ে রাখা যায় না সব সময়। নানাবিধ মস্কুইটো রিপেলেন্ট ক্রিম বাজারে কিনতে পাওয়া যায় বটে। তবে তাতে থাকে ক্ষতিকারক কেমিক্যাল। ত্বকের ভিতর নিয়মিত প্রবেশ করলে, দীর্ঘমেয়াদি রোগের পথ প্রশস্ত হয়। কী করা যায় তবে? রইল মশা তাড়ানোর ৬ ঘরোয়া সমাধান।
সিট্রোনেলার মতো প্রাকৃতিক রিপেলেন্ট বোধহয় আর দুটি নেই। এর তীব্র গন্ধে দূরে পালায় মশারা। ঘর মোছার জলে সিট্রোনেলা এসেনশিয়াল অয়েল মেশানো যেতে পারে। অথবা সরাসরি ঘরের জানলায় প্রত্যহ কয়েক ফোঁটা দেওয়া যেতে পারে এই তেল। সিট্রোনেলা অয়েল সমৃদ্ধ মোমবাতি জানলা, দরজার পাশে অথবা বাড়ির বারান্দায় বসিয়ে রাখলে, মশারা এড়িয়ে চলবে এই এলাকা।
মশা তাড়াতে দারুণ কাজে দেয় কফির গুঁড়ো! পাত্রে খানিকটা কফির গুঁড়ো নিতে হবে। একচুলও ভিজেভাব থাকলে চলবে না। এর মধ্যে ফেলে দিতে হবে একটা জ্বলন্ত দেশলাই। কফিস গুঁড়ো পুড়তে শুরু হলে যে ধোঁয়া তৈরি হবে, তাতেই দূরে পালাবে মশাদের দল। তবে এই পাত্র এমন জায়গায় রাখতে হবে, যেখানে হাওয়া চলাচল হয়। যাতে হাওয়ায় ধোঁয়ার গন্ধ মিশতে পারে।
এমন কিছু গাছ রয়েছে, যা মশাদের দূরে রাখে। বাড়িতে যদি বাগান থাকে, তবে জানলার ঠিক সামনের মাটিতেই বসানো যায় সেসব গাছ। ফ্ল্যাট অথবা বাড়িতে জায়গা কম থাকলে, গাছের চারা বারান্দায় টবে বসানো যেতে পারে। জানলায় রাখার জায়গা থাকলে, টব-সমেত রাখা যায় সেখানেও। এই তালিকায় রয়েছে তুলসী, গাঁদা, ল্যাভেন্ডার, রোজমেরি, পুদিনা প্রভৃতি। এ সমস্ত গাছের যত্ন নেওয়ার পদ্ধতিও বড়ই সহজ।
বাড়ির আশেপাশে অথবা ভিতরে যেন জল জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। ট্রে, ড্রাম, বালতি অথবা গাছের টবেও যদি দীর্ঘ সময় জল জমে থাকে, তবে বর্ষাকালে তার মধ্যে মশারা ডিম পাড়ে। এভাবে উত্তরোত্তর বেড়ে চলে তাদের সংখ্যা। জমা জল পরিষ্কার করে, অবশ্যই সিট্রোনেলা বা অন্য কোনও এসেনশিয়াল অয়েল ছিটিয়ে দিতে হবে সেখানে, যাতে মশা ডিম পাড়ার সুযোগ না পায়।
জানলায় ডিট্যাচেবল নেট লাগানো যায়। বর্তমানে খুঁজলেই বাজারে অথবা অনলাইন মার্কেটপ্লেস থেকে কিনতে পাওয়া যাবে এমন নেট। অনেকেই স্থায়ী নেট লাগাতে চান না জানলায়, কারণ এতে আলো হাওয়া আসার পথ অনেকখানি রুদ্ধ হয়ে যায়। বিকল্প হিসেবে ডিট্যাচেবল নেট লাগানো যেতে পারে, যা বর্ষার মরশুম মিটলেই খুলে নেওয়া যায়। সংরক্ষণ করে রাখা যায় আগামী বর্ষার জন্য।
কেমিক্যাল ভর্তি মস্কুইটো রিপেলেন্ট ক্রিমের বদলে ত্বকে ব্যবহার করা যায় এসেনশিয়াল অয়েল। ইউক্যালিপটাস, পুদিনা, টি ট্রি, ল্যাভেন্ডার— প্রভৃতি এসেনশিয়াল অয়েল মশাদের দূরে রাখে। তবে সরাসরি ত্বকে না লাগানোই ভালো। অন্য কোনও ক্যারিয়ার অয়েল, যেমন নারকেল কিংবা বাদাম তেলের সঙ্গে মিশিয়ে গায়ে হাত-পায়ে মেখে নেওয়া যায়। স্নানের জলেও মেশানো যায় কয়েক ফোঁটা। এতে ত্বক কোমল থাকে, মশাও কামড়ায় না।
Published By: Utsa TarafdarPosted: 08:00 AM Jun 30, 2026Updated: 08:08 PM Jun 29, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
