shono
Advertisement
West Bengal Weather Update

বিরাম নেই বৃষ্টির! কলকাতায় জারি হলুদ সতর্কতা, আর কী পূর্বাভাস হাওয়া অফিসের?

সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টি হতে পারে, কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
Published By: Sucheta SenguptaPosted: 10:21 AM Jun 30, 2026Updated: 11:47 AM Jun 30, 2026

উত্তর থেকে ক্রমশ দক্ষিণবঙ্গে সরে আসছে বৃষ্টির দাপট। চলতি সপ্তাহে সেখানে বৃষ্টির পরিমাণ কমবে, সপ্তাহান্তে তার সম্ভাবনা ক্ষীণ। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণ বাড়তে বাড়তে সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যার জেরে হলুদ সতর্কতা জারি হয়েছে। এমনকী শনি, রবিতে ভারী বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা, এখানে জারি হলুদ সতর্কতা। মঙ্গলবার সকাল থেকে আকাশের মুখ ভার, রোদের দেখা তেমন পাওয়া যায়নি। তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেই জানাচ্ছেন আবহবিদরা।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখাটি হরিয়ানা এবং উত্তরপ্রদেশের উপর দিয়ে গিয়েছে। পূর্ব-পশ্চিম অক্ষরেখাটি উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত, এটিও উত্তরবঙ্গের উপর দিয়ে প্রসারিত হয়েছে। এর জেরে উত্তরবঙ্গে সপ্তাহের প্রথমার্ধ্বে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে। সপ্তাহান্তে অবশ্য বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই।

দক্ষিণবঙ্গেও সপ্তাহান্তে রীতিমতো দাপট দেখাবে বর্ষা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা বুধবার থেকে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে প্রায় সব জেলায়। আর বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি থাকবে। মঙ্গলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সর্তকতা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতে। বৃহস্পতিবার ও শুক্রবারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। বৃষ্টির সঙ্গে চলবে বজ্রপাতও। তবে শনি ও রবিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতা-সহ বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গে বৃষ্টি কমার পূর্বাভাস থাকলেও মঙ্গলে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বুধবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। সপ্তাহান্তে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরে। গত কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং অত্যন্ত ভারী বৃষ্টিতে পার্বত্য এলাকায় ধস নেমেছে। নিচু এলাকা প্লাবিত, নদীগুলির জলস্তর বিপদসীমার উপরে বইছে।

কলকাতায় চলতি সপ্তাহে ভারী বৃষ্টির আশঙ্কা। শনিবার থেকে বৃষ্টি বাড়বে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা শহরে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭২ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ২৭.৯ মিলিমিটার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement