Advertisement
'লগান'-এর ২৫ বছর পর ফের আমির-গোয়ারিকর জুটি, পর্দায় দেখা যাবে কোন কিংবদন্তি ক্রিকেটারকে?
চলতি বছরের সেপ্টেম্বরেই সিনেমার শুটিং শুরু হয়ে যাবে।
'লগান'-এর ২৫ বছর পর ফের জুটি বাঁধছেন আমির খান ও আশুতোষ গোয়ারিকর। এবারও খেলার মাঠের গল্প নিয়ে হাজির দু'জনে। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি লালা অমরনাথের জীবন নিয়ে নয়া সিনেমার প্রস্তুতি শুরু।
জানা গিয়েছে চলতি বছরের সেপ্টেম্বরেই সিনেমার শুটিং শুরু হয়ে যাবে। পরিচালক আশুতোষ গোয়ারিকরের সিনেমার মূল চরিত্রে আমির খান তো থাকছেনই, তার সঙ্গে কোনও তারকাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
আপাতত রাজকুমার হিরানি ও অভিজাত যোশীর সাহায্যে সিনেমার চিত্রনাট্য তৈরির কাজ চলছে। জানা গিয়েছে, সিনেমার মূল গল্পটি ১৯৪৭ সালে স্বাধীনতা ও দেশভাগের পটভূমিতে তৈরি হবে। 'লগান'-এ ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছিলেন আমির।
এর আগে লালা অমরনাথের জীবন নিয়ে সিনেমার কথা উঠেছিল। সেবার পরিচালনা করার কথা ছিল রাজকুমার হিরানির। 'ডানকি'র পর রণবীর কাপুরকে নিয়ে সিনেমা তৈরির কথা ছিল। কিন্তু সেই প্রজেক্ট আর দিনের আলো দেখেনি। তবে আশুতোষের সিনেমার স্ক্রিপ্ট তৈরিতে কাজ করছেন হিরানি।
জানা গিয়েছে, লালা অমরনাথের বন্ধুর চরিত্রে এক তারকাকে দেখা যাবে। সিনেমায় যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সেই চরিত্রে কি রণবীরকে দেখা যাবে? হিরানি ও গোয়ারিকর জুটি বাঁধায় সেই সম্ভাবনা থাকছে। অন্যদিকে লগানের পর ফের ক্রিকেটার হিসেবে দেখা যাবে আমির খানকে।
বিনো দুনিয়ায় মি. পারফেকশনিস্ট হিসেবে পরিচিত। যে চরিত্রে অভিনয় করেন, তাতে মিশে যেতে পারেন। 'দঙ্গল'-এ নিজেকে পুরো ভেঙেচুরে তৈরি করেছিলেন। এবারও সেই সম্ভাবনা থাকছে। অন্যদিকে প্রায় ৭ বছর পর পরিচালনার কাজে ফিরছেন গোয়ারিকর। 'লগান'-এর ম্যাজিক দেখার অপেক্ষায় ভক্তরা। বিশেষ করে ক্রিকেট-বিনোদনের 'মশলা' মিললে যে সুস্বাদু রান্না তৈরি হয়, তার একাধিক উদাহরণ আগেই আছে।
আর লালা অমরনাথের জীবন ঘাত-প্রতিঘাতে ভরা। ১৯১১ সালে পাঞ্জাবে জন্ম। স্বাধীনতার আগে-পরে দেশের হয়ে টেস্ট খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে ১০ হাজারের বেশি রান আছে। ১৯৫২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট জয়ী দলের অধিনায়ক ছিলেন তিনি।
আবার বহুবার বঞ্চনার মুখোমুখি হয়েছেন। ১৯৩৬ সালে ইংল্যান্ড সফর থেকে লালা অমরনাথকে দেশে পাঠিয়ে দেন তৎকালীন অধিনায়ক ভিজিয়ানাগ্রামের মহারাজ। রাজনীতির শিকার হয়েও হাল ছাড়েননি।
স্বাধীনতার পর প্রাণ বাঁচাতে সপরিবারে পালাতে হয় অমরনাথকে। তবে রাজনৈতিক টানাপোড়েন সত্ত্বেও ভারত-পাকিস্তান দু'দেশেই সম্মানিত ছিলেন। তাঁর দুই ছেলে সুরিন্দর ও মহিন্দর অমরনাথ দেশের হয়ে ক্রিকেট খেলেছেন।
Published By: Arpan DasPosted: 04:40 PM May 09, 2026Updated: 04:40 PM May 09, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
