Advertisement
'স্ত্রীর সঙ্গে রাত কাটাত না! বাহ রে, পুরুষত্ব', প্রাক্তন সৌম্যকে ধিক্কার জানিয়ে বিস্ফোরক স্বরলিপি
এর আগে অভিনেতা সৌম্যর বিরুদ্ধে 'বিবাহ বহির্ভূত সম্পর্কে'র অভিযোগও এনেছিলেন স্বরলিপি! এবার প্রাক্তনকে নিয়ে কী বললেন?
সৌম্য বন্দ্যোপাধ্যায় এবং স্বরলিপি চট্টোপাধ্যায়ের বিয়ে-বিচ্ছেদের ঘটনা স্টুডিওপাড়ার কারোরই অজানা নয়! বছরখানেক আগেই বিচ্ছেদের পথে হেঁটেছেন টেলিদুনিয়ার তারকাদম্পতি। কিন্তু ছাই চাপা আগুনের মতো কি আজও বুকে তিক্ততা বয়ে বেড়াচ্ছেন স্বরলিপি? অভিনেত্রীর সাম্প্রতিক মন্তব্য অন্তত সেদিকেই ইঙ্গিত করছে।
অভিনেত্রী স্বরলিপি চট্টোপাধ্যায়, ছোটপর্দার একসময়ের জনপ্রিয় মুখ। অভিনেতার স্বামী সৌম্যর সঙ্গে বিচ্ছেদের পর আজ তিনি 'সিঙ্গল মাদার' হিসেবে একাই লড়ছেন। জানা যায়, 'অগ্নিপরীক্ষা' ধারাবাহিকে অভিনয়ের সময়ে সৌম্য বন্দ্যোপাধ্যায়ের প্রেমে পড়েছিলেন স্বরলিপি চট্টোপাধ্য়ায়। সেখান থেকেই বিয়ে। পরবর্তীতে বিচ্ছেদ।
বর্তমানে অবশ্য লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে দূরে স্বরলিপি স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন দক্ষিণ কলকাতার এক জনপ্রিয় ক্যাফের মালিক হিসেবে। সৌম্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ক্ষতকে সঙ্গে নিয়েই একমাত্র মেয়ে সহচরীকে নিজের মতো করে বড় করে তুলছেন অভিনেত্রী। সেই ঘা যে আজও দগদগে, সপ্তাহান্তের সকালে স্বরলিপির এক পোস্টেই তা স্পষ্ট!
শনিবার সকালে স্বরলিপি ফেসবুকে লিখেছেন, "একজন পুরুষ তার গর্ভবতী স্ত্রীর সঙ্গে রাত কাটাত না কারণ সে তার মায়ের বাড়িতে থাকত। সেই পুরুষ তার সদ্য্যজাত মেয়েকেও দেখতে আসত না কারণ তার স্ত্রী তার মায়ের বাড়িতে থাকত। কিন্তু সেই পুরুষ বিবাহ বিচ্ছেদের ৫ বছর পরেও সেই লোকালয়ে ভোট দিতে আসতে পারে! বাহ রে পুরুষত্ব...।" এখানেই শেষ নয়!
ওই পোস্টেই স্বরলিপির সংযোজন, "পুরুষত্ব শুধু দেখানো যায় একজন অসুস্থ, দুর্বল, দিনে ত্রিশ বার বমি করা গর্ভবতী মহিলা, সদ্য নাড়ি কাটা মা ও তাঁর সদ্যজাত মেয়ের উপর।" সৌম্য যদিও প্রত্যুত্তরে কোনও মন্তব্য করেননি, তবে অভিনেত্রীর এহেন পোস্ট ভাইরাল হতেই নেটভুবনে শোরগোল! আবারও অতীত ঘেঁটে প্রাক্তন টেলিদম্পতির সমীকরণ নিয়ে চর্চা শুরু হয়েছে।
বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে স্বরলিপি জানিয়েছিলেন, সৌম্যর সঙ্গে প্রেমের সম্পর্কের পর দীর্ঘদিন সহবাসে ছিলেন তিনি। তবে লিভ ইন সম্পর্ক নিয়ে উভয়ের পরিবারের লোকেরই আপত্তি ছিল। অগত্যা, বিয়ের সিদ্ধান্ত নিতে হয় সৌম্য-স্বরলিপিকে। কিন্তু বিয়ের কয়েক মাস বাদেই অভিনেত্রী জানতে পারেন, স্বামী সৌম্যর কাছে তাঁকে কটাক্ষ করে অনুরাগীদের তরফে একাধিক মেসেজ আসছিল।
মেসেজে নাকি সবাই প্রশ্ন তুলত, 'স্বরলিপি মা হতে পারবেন কি না?' জেনেশুনেই তখন চুপ ছিলেন স্বরলিপি। ততদিনে একটু একটু করে টাকা জমিয়ে ক্যাফের ব্যবসা শুরু করেছেন তাঁরা। ঠিক সেসময়ই স্বরলিপি আঁচ পান যে, স্বামী সৌম্য পরকীয়ায় জড়িয়েছেন। ততদিনে অভিনেত্রী অন্তঃসত্ত্বা। তারপর?
ওই সাক্ষাৎকারে সৌম্যর বিরুদ্ধে স্বরলিপি অভিযোগ তোলেন, অন্তঃসত্ত্বা থাকাকালীন সৌম্যর থেকে কোনওরকম সাহায্য পাননি তিনি। বরং চোখের সামনেই নাকি স্ত্রী হিসেবে দেখতেন, তাঁর স্বামী রাতের পর রাত অন্য মহিলার বাড়িতে পার্টি করছেন। এমনকী থাকছেনও। অভিনেত্রী বলেন, তখন বহুবার বমি করতাম। কখনও পেটে হাত দিয়েও দেখেনি সৌম্য। এমনকী, আমি বমি করলে, গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যেত।"
স্বরলিপি এও বলেন যে, "আমাকে যাচ্ছে তাই বলত। আমি নাকি অশিক্ষিত, ইংরেজি জানি না! আমি তখন অন্তঃসত্ত্বা, আর সৌম্য তখন অন্য নারীর প্রেমে। নিজেকে কেমন পরিচারিকার মতো মনে হত। শুনতাম, তাঁদের গর্ভে সন্তান দিয়ে নাকি স্বামীরা চলে যেত! আমারও নিজেকে তেমন মনে হত।" এরপর শুরু হল স্বরলিপি চট্টোপাধ্যায়ের ঘুরে দাঁড়ানোর লড়াই।
যে ক্যাফে একসময়ে স্বামী সৌম্যর সঙ্গে চালাতেন, আজ তিনি একা হাতেই সামলাচ্ছেন সন্তান, সংসার আর ব্যবসা। শোনা যায়, অভিনেতা এখন আর সেই অংশীদারিত্বে নেই। মেয়ে সহচরীও মায়ের কাছেই বড় হচ্ছে। অনেক সময়ে বিচ্ছেদ হলেও সন্তানকে বড় করার বিষয়ে বোঝাপড়ার দিকে হাঁটেন দম্পতিরা। তবে সৌম্য-স্বরলিপির ক্ষেত্রে সেটা হয়নি।
অভিনেত্রী একাধিকবার অভিযোগ করেছেন যে, বাবা হিসেবে মেয়ের কোনও দায়িত্ব পালন করেননি সৌম্য। সৌম্য বন্দ্যোপাধ্যায় যদিও তাঁর অতীত সম্পর্ক নিয়ে সেভাবে কোনওদিন মুখ খোলেননি। তবে বর্তমানে যে যাঁর পরিসরে দিব্যি রয়েছেন! কিন্তু তবুও অতীত ক্ষত কি এত সহজে সারে? শনিবার স্বরলিপির পোস্ট সেকথাই মনে করিয়ে দিল। (ছবি- সংগৃহীত)
Published By: Sandipta BhanjaPosted: 04:02 PM May 02, 2026Updated: 04:02 PM May 02, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
