Advertisement
বিশ্বজয়ের পর অভিনব সেলিব্রেশন! ভারত অধিনায়ক আয়ুষ ট্রফি নিয়ে ছুটলেন অভয়ারণ্যে, তারপর?
চিতার মতো ক্ষিপ্রতা নিয়ে মাঠ মাতিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন আগামীর তারকারা।
ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের অনূর্ধ্ব-১৯ দল। এই নিয়ে ষষ্ঠবার বিশ্বসেরার খেতাব ঘরে তুলেছে ভারত।
জিম্বাবোয়ের হারারে স্পোর্টিং ক্লাবের মাঠে বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে, অভিজ্ঞান কুণ্ডুরা প্রমাণ করেছেন সঠিক সময়ে নিজেদের মেলে ধরে বড় খেলোয়াড় হওয়ার যাবতীয় মশলা তাঁদের মধ্যে রয়েছে।
অনূর্ধ্ব উনিশের বিশ্বকাপ ফাইনালে আগ্নেয়গিরির তপ্ত লাভার মতো ঝলসে উঠেছিল বছর ১৪-র ‘বালক’ বৈভব সূর্যবংশী। তবে তিনে নেমে অধিনায়ক আয়ুষ মাত্রেও ৫৩ রানের কার্যকরী ইনিংস খেলেছিলেন। বল হাতেও নিয়েছিলেন ১ উইকেট। সব মিলিয়ে ভারতের জয়ে বড় অবদান রাখতে পেরেছিলেন বছর ১৮-র এই যুবক।
অবশ্য আয়ুষের পিতা চেয়েছিলেন ছেলেকে সঙ্গীত জগতে নিয়ে আসতে। আয়ুষের বয়স তখন দুই কিংবা তিন হবে। যোগেশ হারমোনিয়াম থেকে শুরু করে নানা বাদ্যযন্ত্র কিনে এনেছিলেন। আয়ুষের গানের প্রতি আকর্ষণও ছিল। কিন্তু হঠাৎই যোগেশ আবিষ্কার করলেন, ছেলে চার বছর বয়সেই বিশাল ছক্কা হাঁকাচ্ছে। সেখান থেকে শুরু। তারপর এই বিশ্বজয়। সেই আয়ুষ বিশ্বজয়ের পর ছুটলেন অভয়ারণ্যে। অভিনবভাবে ট্রফি জয়ের উদযাপন করতে।
কোথায় গিয়েছিলেন তিনি? উত্তরটা হারারের ওয়াইল্ড ইজ লাইফ ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি। বলে রাখা যাক, এখানে বন্যপ্রাণীদের উদ্ধার করে তাদের পুনর্বাসন ও বন্য পরিবেশে ফিরিয়ে দেওয়ার কাজ করা হয়।
সেই অভয়ারণ্যে আয়ুষকে দেখা গেল খুশি মনে ট্রফি নিয়ে ছবি তুলতে। আইসিসি'র তরফে এই ব্যবস্থা করা হয়েছিল। সেই সব ছবি দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন।
ছবিতে দেখা গিয়েছে আকাশি রঙের টি-শার্টে আয়ুষ ট্রফি নিয়ে একটি গাছের ডালে বসে। তাঁর পিছনে বিস্তীর্ণ এলাকায় হাতিদের সংসার।
অন্য এক ছবিতে বিশ্বজয়ের ট্রফি নিয়ে তাঁকে বসে থাকতে দেখা গিয়েছে একটি কাঠের বেদিতে। এখানে তাঁর পিছনে রয়েছে জিরাফ। এরপর যেন হাজার হাজার স্পটলাইটের আলো এসে পড়েছে আয়ুষের কাছে। গোটা বিশ্ব জেনেছে, অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের নাম আয়ুষ মাত্রে।
আইসিসি'র এমন অভিনব উদ্যোগ এই প্রথম নয়। এই টুর্নামেন্টে বিশ্বকাপের ট্রফি উন্মোচিত হয়েছিল চিতাবাঘের সঙ্গে। চিতাবাঘের সঙ্গে অনন্য এই ফটোশুট সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। নেটিজেনরা এই দৃশ্য দেখে বলছেন, 'চিতার সঙ্গে বিশ্বকাপ ট্রফি, কি দুর্দান্ত কম্বিনেশন!
Published By: Prasenjit DuttaPosted: 07:44 PM Feb 08, 2026Updated: 10:16 PM Feb 08, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
