Advertisement
আইপিএলে 'মধুচক্রে'র ফাঁদ! 'শুদ্ধিকরণে' একগুচ্ছ নতুন নির্দেশ বোর্ডের, নজরে কোন ক্রিকেটাররা?
সাজঘরে ধূমপান থেকে মাঠে নেমে মালিকদের 'আদিখ্যেতা'- সব নিয়ে কড়া নির্দেশিকা বিসিসিআইয়ের।
বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগ। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু বিষয়ে বিতর্কের মুখে পড়েছে আইপিএল। বিধিনিষেধ থাকা সত্ত্বেও টিম হোটেলে অনুমতি ছাড়া লোকেদের আনাগোনা। সেটা প্রেমিকা হতে পারে বা অন্য কেউ। ভারতীয় ক্রিকেট বোর্ডের দুশ্চিন্তা এর মধ্যে ক্রিকেটারদের 'মধুচক্রে' ফাঁসানো হতে পারে।
কিংবা ধূমপান নিয়ে চরম বিতর্ক হয়েছে। আবার দলের মালিকদের মাঠে নেমে ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তাও বিতর্কিত মোড় নিয়েছে। এবার সেসব নিয়ে কড়া নির্দেশিকা বিসিসিআই। আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্টকে ৮ পাতার দীর্ঘ নির্দেশিকা পাঠিয়েছে বোর্ড।
আইপিএলের সম্মান, সুনাম ও নিরাপত্তার দায়িত্ব বিসিসিআইয়ের। বিশ্বের প্রায় সব ক্রিকেট খেলিয়ে দেশের প্লেয়াররা এখানে আসে। এছাড়া কোচ, সাপোর্ট স্টাফ, ম্যানেজমেন্ট বা ফ্র্যাঞ্চাইজি মালিকরা আছে। সাম্প্রতিক সময়ে বোর্ডের নজরে এসেছে যে কিছু বিষয়ে বেশ শিথিলতা দেখা গিয়েছে। যা আইপিএলের পেশাদারিত্ব ও আন্তর্জাতিক মঞ্চে সুনাম ক্ষুণ্ন করতে পারে।
বোর্ডের নির্দেশিকাগুলি হল- ১। হোটেল রুমে বোর্ডের অনুমতি ছাড়া লোকেদের আনাগোনা। টিম ম্যানেজারের অজ্ঞাতে ও উপযুক্ত প্রমাণপত্র ছাড়া অনেকেই প্লেয়ারদের সঙ্গে দেখা করেছে, কিংবা হোটেল রুমে ঢুকেছে। যা বিপজ্জনক।
তাই বোর্ডের নির্দেশ- ক) উপযুক্ত প্রমাণপত্র ছাড়া ও ম্যানেজারের অনুমতি ছাড়া কেউ হোটেল রুমে যেতে পারবে না। খ) অতিথিদের নির্দিষ্ট জায়গা, যেমন হোটেলের লবি বা লঞ্জে প্লেয়ারদের সঙ্গে দেখা করতে হবে। সেক্ষেত্রে ম্যানেজারের লিখিত অনুমতি লাগবে।
গ) বোর্ড চিন্তিত, অনুমতি ছাড়া ঢুকে প্লেয়ারদের 'হানি ট্র্যাপ' বা 'মধুচক্রে' ফাঁসানো হতে পারে। এছাড়া যৌন হেনস্তার মতো অভিযোগ উঠতে পারে। যার ফলে সংশ্লিষ্ট প্লেয়ার, ফ্র্যাঞ্চাইজি ও আইপিএল কর্তৃপক্ষ আইনি সমস্যায় পড়তে পারে। তাই ম্যানেজমেন্টকে সতর্ক থাকতে হবে। প্লেয়ারদের 'প্রেমিকা'রা হোটেলে থাকছেন জল্পনা রয়েছে। কিন্তু অনেক সময় তাঁদের ফাঁসিয়ে দেওয়া হতে পারে। তাই এই বজ্র আঁটুনি।
২। অনেক সময় দেখা যাচ্ছে, নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারদের না জানিয়ে প্লেয়ার বা সাপোর্ট স্টাফরা অসময়ে হোটেল ছেড়ে চলে যাচ্ছে। এতে তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
তাই বোর্ড নির্দেশ দিচ্ছে- ক) প্লেয়ারদের অবশ্যই নিরাপত্তা অফিসারদের থেকে অনুমতি নিতে হবে। খ) ব্যক্তিগত কারণে বা বিনোদনের জন্য হোটেল ছাড়লে অবশ্যই ম্যানেজারকে জানাতে হবে। গ) নিরাপত্তা অফিসাররা তার তালিকা রাখবে। বোর্ড প্রয়োজনে এই তালিকা চাইতে পারে।
৩। বোর্ডের নজরে এসেছে অনুমোদন কার্ড সঙ্গে রাখার বিষয়ে সদস্যরা ঢিলেমি দিচ্ছেন। তাই- ক) প্লেয়ার, স্টাফ বা ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিদের অবশ্যই সব সময় অনুমোদন কার্ড সঙ্গে রাখতে হবে। খ) নিরাপত্তা অফিসার বা বোর্ড অফিসাররা যখন-তখন অনুমোদন কার্ড দেখতে চাইতে পারেন। তাতে না করা যাবে না। গ) অনুমোদন কার্ড না থাকলে কাউকে নির্দিষ্ট জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হবে না।
Published By: Arpan DasPosted: 01:21 PM May 08, 2026Updated: 02:10 PM May 08, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
