Advertisement
টানা ১২ ঘণ্টা শুটিংয়েও ডায়েটে আপস নয়, তারকাদের 'নিমেষে' মেদ বাড়ানো-ঝরানোর রহস্য ফাঁস
এত দীর্ঘ আর ক্লান্তিকর শুটিং শিডিউলের মাঝেও কীভাবে তাঁরা এমন ফিট থাকেন? উত্তর দিলেন সেলিব্রিটি ফিটনেস ট্রেনার বিনোদ চান্না।
ক্যামেরার সামনে বলিউড তারকাদের নিখুঁত গড়ন, টানটান পেশি আর ঝরঝরে উপস্থিতি দেখে অনেকেই ভাবেন, এত দীর্ঘ আর ক্লান্তিকর শুটিং শিডিউলের মাঝেও কীভাবে তাঁরা এমন ফিট থাকেন? উত্তর দিলেন সেলিব্রিটি ফিটনেস ট্রেনার বিনোদ চান্না।
অনন্ত আম্বানি ও নীতা আম্বানির মতো ব্যক্তিত্বদের ফিটনেস ট্রেনিং করানো চান্নার কথায়, তারকাদের পর্দার আড়ালের পরিশ্রমটাই তাঁদের ফিটনেসের আসল চাবিকাঠি। সেই রহস্যই এবার ফাঁস করলেন তিনি।
তবে হঠাৎ নয়, বছরের পর বছর ধরে গড়ে ওঠে ফিটনেস। চান্না স্পষ্ট জানাচ্ছেন, কোনও সিনেমার আগে কয়েক সপ্তাহ জিমে গিয়ে চমক দেখানো সম্ভব নয়। অভিনেতারা সারা বছরই নিয়ম মেনে শরীরচর্চা করেন।
সেই ধারাবাহিকতার উপর ভর করেই নির্দিষ্ট চরিত্রের জন্য আলাদা আলাদা প্রস্তুতি নেওয়া হয়। অনেক সময় শুটিং শুরুর চার থেকে ছ’মাস আগেই শুরু হয়ে যায় বিশেষ পরিকল্পনা।
চরিত্রের চাহিদা বুঝে বানানো হয় ডায়েট চার্ট ও ওয়ার্কআউট রুটিন। কোথাও বাড়তি পেশি গঠন, কোথাও আবার শরীরের মেদ ঝরিয়ে ছিপছিপে লুক- সবই হয় ধাপে ধাপে। 'দঙ্গল' ছবির জন্য যেমন ওজন বাড়াতে হয়েছিল আমির খানকে। আবার 'ধুম ২'-এর জন্য ঐশ্বর্য কিংবা টাশান ছবিতে করিনা অনেকখানি মেদ ঝরিয়েছিলেন। সে সবই দীর্ঘমেয়াদি রুটিন।
ডায়েটের পাশাপাশি শৃঙ্খলায় কঠোরতাও ফিটনেসের বড় অস্ত্র। শুটিং দিনের পর দিন ১০ থেকে ১২ ঘণ্টা চললেও ডায়েট ভাঙার প্রশ্নই ওঠে না। নির্দিষ্ট সময় অন্তর পরিমিত ও পুষ্টিকর খাবারই থাকে তাঁদের তালিকায়।
বাইরে থেকে যত ব্যস্তই দেখাক, খাবার ও শরীরচর্চার ক্ষেত্রে আপস নেই। চান্না মনে করিয়ে দেন, কাঙ্ক্ষিত শরীর গড়ে তোলার চেয়েও সেটি ধরে রাখা কঠিন। তাই শুটিং চলাকালীনও যতটা সম্ভব সময় বের করে তাঁরা শরীরচর্চা করেন।
Published By: Sulaya SinghaPosted: 08:12 PM Feb 18, 2026Updated: 08:12 PM Feb 18, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
