Advertisement
একা কাব্য মারান নন, 'ভারত বিদ্বেষী' পাকিস্তানি ক্রিকেটাররা খেলেন শাহরুখের দলেও
কাব্য যদি সমালোচনার স্বীকার হন, তাহলে শাহরুখরা বাদ যাবেন কেন?
পাকবিরোধিতার পথ থেকে সরে এসে পাক স্পিনার আবরার আহমেদকে দলে নিয়েছে সানরাইজার্স লিডস। যে দলের মালকিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দয়ানিধি মারানের ভাইঝি কাব্য মারান।
বৃহস্পতিবার বেশ কিছুক্ষণ দর হাঁকার পর আবরারকে কিনেছে কাব্য মারানের দল। তারপর থেকেই সোশাল মিডিয়ায় তুমুল সমালোচনার শিকার সানরাইজার্স লিডস। ভারতীয় মালিকানাধীন দলে কেন পাক স্পিনারকে নেওয়া হল, সেই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে সমাজমাধ্যম। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে দলের এক্স অ্যাকাউন্ট।
ট্রেন্ডিং হতে শুরু করেছে #ShameOnSRH ও #BoycottSunrisers-এর মতো হ্যাশট্যাগ। অভিযোগ, জাতীয় আবেগকে অবহেলা করেছেন কাব্য। কিন্তু মজার কথা হল একা কাব্য মারান নন, আইপিএলের একাধিক দলের মালিক পাকিস্তানি ক্রিকেটারদের বিভিন্ন দেশের লিগে দলে নিয়েছেন। বস্তুত ভারতীয় মালিকদের টাকাই ঘুরপথে পাকিস্তানে যাচ্ছে।
কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সেই কেকেআর গ্রুপের এখন বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি আছে। ভিনদেশে নাইটদের একাধিক ফ্র্যাঞ্চাইজিতে খেলেন পাকিস্তানের তারকারা। ঘুরপথে শাহরুখ খানার টাকা যাচ্ছে পাকিস্তানিদের পকেটে।
পাকিস্তানের উদীয়মান স্পিনার উসমান তারিক দ্য হান্ড্রেডে দল পেয়েছেন। তিনিও খেলেন নাইট রাইডার্স গ্রুপের একটি টিমের হয়ে। উসমান আইএল টি-টোয়েন্টিতে খেলেন আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে। যে দলের মালিক সেই শাহরুখ।
মহম্মদ আমির ঘোষিত ভারত বিদ্বেষী। টি-২০ বিশ্বকাপে ভারতের জয় নিয়ে নানা রকম টিপ্পনী করেছেন তিনি। সেই আমিরের পকেটেও ঢুকছে শাহরুখ খানের টাকা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনি খেলেছেন ত্রিনবাগো নাইট রাইডার্স দলের হয়ে। এই দলটির মালিকও শাহরুখ খান।
অবশ্য এই দোষে একা শাহরুখ দোষী নন। দিল্লি ক্যাপিটালসের কর্ণধার জিএমআর গ্রুপ ভিনদেশের ফ্র্যাঞ্চাইজিতেও একাধিক পাকিস্তানি তারকা খেলেন। অর্থাৎ জিএমআর গ্রুপও পরোক্ষে পাকিস্তানিদের সাহায্য করছেন।
পাকিস্তানের তরুণ পেসার জামান খান মেজর লিগ ক্রিকেটে সিয়াটেল অরাকাসের হয়ে খেলেন। এই সিয়াটেল অরাকাসের দলে এবার বেশ কিছুটা শেয়ার রয়েছে জিএমআর গ্রুপের।
জিএমআর গ্রুপের মালিকানাধীন সিয়াটেল অরাকাসেই পাকিস্তানের আরেক বোলার খেলেন। তিনি ইমাদ ওয়াসিম। ইমাদ দীর্ঘদিন পাক জাতীয় দলে খেলেছেন। ইদানিং ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছুটা বিপাকে তিনি। ইমাদ আবু ধাবি নাইটেও খেলেছেন।
Published By: Subhajit MandalPosted: 06:23 PM Mar 13, 2026Updated: 06:23 PM Mar 13, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
