Advertisement
'রোডিস' খ্যাত অভিনেত্রীকে বিয়ে নাইট তারকার, চর্চায় খেলা ও ফিল্মি দুনিয়ার মুচমুচে প্রেমকাহিনি
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার অর্শদীপ সিং। শুভেচ্ছা জানিয়েছেন শুভমান গিল, অভিষেক শর্মারা।
সাত পাকে বাঁধা পড়লেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার রমনদীপ সিং। অভিনেত্রী চার্লি চৌহানের সঙ্গে ৮ বছরের সম্পর্ক অবশেষে বিয়ের পূর্ণতা পেল। ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধুবান্ধব ও সামান্য কয়েকজন ক্রিকেটারের উপস্থিতিতে গুরুদ্বারে পাঞ্জাবি রীতি অনুযায়ী রমনদীপ-চার্লির বিয়ে সম্পন্ন হয়। দু'জনের বিয়ের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল।
সোশাল মিডিয়ায় চার্লি লিখেছেন, 'আমরা ৮ বছর একসঙ্গে এবং অবশেষে... চিরকালের জন্য।' রমনদীপের পরনে ছিল সাদা শেরওয়ানি, মাথায় লাল পাগড়ি, হাতে পাগড়ি। চার্লি পরেছিলেন লাল ডিজাইনার লেহঙ্গা, হাতে ছিল চুড়া, কলিরে। বিয়ের সর্বত্র ছিল শিখ রীতির ছোঁয়া। নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন শুভমান গিল, অভিষেক শর্মারা। দেশের ক্রিকেটভক্তদের অনেকেরই প্রশ্ন, কে এই চার্লি?
এর আগে কখনই রমনদীপ বা চার্লি নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। একসময় অভিনেতা কুনওয়ার অমরের সঙ্গে চার্লির সম্পর্ক নিয়ে চর্চা ছিল। দু'জন একসঙ্গে নাচের রিয়ালিটি শো 'নাচ বলিয়ে'তে অংশগ্রহণ করেছিলেন। টেলিদুনিয়ায় বেশ চর্চিত মুখ ছিলেন। পরে বিচ্ছেদ হয়ে যায়। ২০০৯ সালে এমটিভি রোডিস-এ প্রতিযোগী হিসেবে আসেন চার্লি।
২০১২ সালে অভিনয় জগতে পা রাখেন। পরের বছরই একটি ধারাবাহিকে বড় চরিত্র পান। অবশেষে ২০১৪ সালে 'ক্যায়সি ইয়ে ইয়ারিয়া' ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া শুরু হয়। এছাড়া বেস্ট ফ্রেন্ডস ফরেভার, প্যায়ার তুনে ক্যায়া কিয়ার মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। চার্লি কিছু মিউজিক ভিডিও ও শর্ট ফিল্মেও কাজ করেছেন। ইনস্টাগ্রামেও ১০ লক্ষ ফলোয়ার আছে। নেট দুনিয়াতেও পরিচিত মুখ চার্লি।
অন্যদিকে রমনদীপ ২০২৪ থেকে কলকাতা নাইট রাইডার্সের সদস্য। আইপিএলও জিতেছেন। পরে তাঁকে রিটেন করা হয়। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, সব দিকেই দক্ষ। ভারতের হয়ে দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এছাড়া পাঞ্জাবের হয়ে নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলেন। ডাকনাম 'র্যাম্বো' নামেও পরিচিত। চার্লির সঙ্গে সম্পর্কের কথা একেবারে বিয়ের মাধ্যমে প্রকাশ্যে আনলেন তিনি।
ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করেছেন দু'জনে। যেখানে শুভেচ্ছা জানিয়েছেন ভারত অধিনায়ক শুভমান গিল, অভিষেক শর্মা, আবদুল সামাদ, উমরান মালিক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, সু্যশ শর্মারা। অভিনেতা জয় ভানুশালী ইনস্টাগ্রামে নবদম্পতির ছবি পোস্ট করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। হাজির ছিলেন বিনোদুনিয়ার আরও অনেকে।
Published By: Arpan DasPosted: 05:02 PM Aug 08, 2026Updated: 05:02 PM Aug 08, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
