Advertisement
মাঠের বাইরেও রোনাল্ডোই রাজা, অর্থের হাতছানি উপেক্ষা করে সৌদিতে লিখছেন প্রতিবাদের ইতিহাস
এই যুদ্ধে জিতে যান রোনাল্ডো, পর্তুগিজ মহাতারকার জন্মদিনে এটাই প্রার্থনা তাঁর ভক্তকুলের।
বিশ্ব ক্রীড়ায় বয়কটের মরশুম! বাংলাদেশ ভারতে খেলা বিশ্বকাপ বয়কট করল। পাকিস্তান বয়কট করল ভারত ম্যাচ। এসবের মধ্যেই টানা দুই ম্যাচ বয়কট করার পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
সৌদি প্রো লিগে সোমবারের ম্যাচে খেলেননি রোনাল্ডো। প্রতিবাদ হিসাবেই তিনি ম্যাচ বয়কটের পথে হেঁটেছেন। সূত্রের খবর, আল নাসেরের আগামী ম্যাচটিও তিনি বয়কট করতে চলেছেন। শুক্রবার ফের আল নাসেরের ম্যাচ রয়েছে।
কিন্তু কেন পরপর ম্যাচ বয়কটের পথে হাঁটছেন পর্তুগিজ মহাতারকা? নেপথ্যে রয়েছে সৌদি সরকারের 'ষড়যন্ত্র'। বিশেষ এক নীতির অপব্যবহার করছে সৌদি সরকার। সেই অভিযোগেই সরব হয়েছেন রোনাল্ডো।
আসলে সৌদির শীর্ষ চার ক্লাব আল হিলাল, আল ইত্তিহাদ, আল আহলি এবং আল নাসের চালায় সৌদির সরকারি সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। কিন্তু আল নাসেরের প্রতি বঞ্চনা হচ্ছে বলেই খবর।
নিয়ম অনুযায়ী, প্রতি বছর এই যে কোটি কোটি টাকা খরচ করে সৌদির ক্লাবগুলি ইউরোপ থেকে নামী তারকাদের সই করায় সেটা আসে সরকারি কোষাগার থেকে। কিন্তু রোনাল্ডোর অভিযোগ, বাকি ৩ ক্লাবের পিছনে যে পরিমাণ টাকা ঢালছে, তার সিকিভাগও করা হচ্ছে না আল নাসেরের জন্য।
সূত্রের খবর, চলতি মরশুমে আল হিলাল দুই নামী ফুটবলারকে সই করিয়েছে। পিছিয়ে নেই আল ইত্তিহাদ এবং আল আহলিও। ফরাসি তারকা করিম বেঞ্জেমাকে আল ইত্তিহাদ সই করাতে চলেছে বলেও খবর।
রোনাল্ডোর অভিযোগ, আল নাসেরের বিরুদ্ধে চক্রান্ত চলছে। সেকারণেই ভালো ফুটবলার কেনার অর্থ দিচ্ছে না সরকার। আল নাসের যেন কোনওভাবেই ট্রফি জিততে না পারে সেটার মরিয়া চেষ্টা চলছে বলে সিআর সেভেনের অভিযোগ।
সরকারের বঞ্চনার প্রতিবাদে ম্যাচ বয়কটকেই অস্ত্র হিসাবে তুলে ধরেছেন রোনাল্ডো। সেকারণেই সোমবার আল রিয়াধের বিরুদ্ধে খেলেননি তিনি। যদিও সেই ম্যাচ ১- জিতেছে আল নাসের।
আগামী শুক্রবার আল ইত্তিহাদের বিরুদ্ধে ম্যাচও রোনাল্ডো বয়কট করবেন বলেই সূত্রের খবর। আগামী কয়েক সপ্তাহে যদি পরিস্থিতি না বদলায়, তাহলে চুক্তির মেয়াদ ফুরনোর আগেই আল নাসের ছেড়ে দিতে পারেন রোনাল্ডো, এমনটাও শোনা যাচ্ছে। অর্থাৎ ক্লাবের হয়ে প্রতিবাদ করতে বিরাট অঙ্কের চুক্তিকেও উপেক্ষা করতে পারেন সিআর সেভেন।
Published By: Anwesha AdhikaryPosted: 03:58 PM Feb 05, 2026Updated: 04:08 PM Feb 05, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
