Advertisement
সূর্যর বিশ্বজয়ী ক্যাচ আর বৈধ নয়? পালটাচ্ছে আউট-ডিক্লেয়ারের নিয়ম, ২২ গজের ১০ বিরাট বদল
কেন হঠাৎ ঢেলে সাজানো হচ্ছে ক্রিকেটের নিয়মাবলি?
ক্রিকেট ব্যাট নিয়ে যুগান্তকারী পদক্ষেপ মেরিলবোর্ন ক্রিকেট ক্লাবের। অপেশাদার ক্রিকেটে এবার থেকে 'ল্যামিনেটেড ব্যাট' ব্যবহার করার ছাড়পত্র দিল তারা। একইসঙ্গে হিট উইকেট, বানি হপ ক্যাচ, ডেড বলের মতো একাধিক বিষয়ের আইনে বদল করেছে এমসিসি। সবমিলিয়ে বদল হয়েছে ৭৩ আইনে। তবে এখনই নয়, আগামী অক্টোবরের শুরু থেকে কার্যকর হবে এমসিসি-র এই বদল।
প্রথমেই রয়েছে বানি হপ ক্যাচ। ২০২৪ টি-২০ বিশ্বকাপে এই বানি হপ ক্যাচ ধরে বিশ্বজয় নিশ্চিত করেছিলেন বর্তমানে ভারতের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। সেই ক্যাচের ক্ষেত্রে আইসিসি নিয়ম করেছে যে, ক্যাচ ধরার সময় ফিল্ডারের পুরো শরীর বাউন্ডারির মধ্যে থাকতে হবে।
সেই নিয়মে মান্যতা দিয়েছে এমসিসি। তারা জানিয়েছে, বাউন্ডারির বাইরে থেকে এসে শূন্যে থাকা অবস্থায় একবারই বল স্পর্শ করার সুযোগ পাবেন সংশ্লিষ্ট ফিল্ডার। ক্যাচ সম্পূর্ণ করার জন্য বাউন্ডারির ভেতরে আসতে হবে তাঁকে। নতুন নিয়মে সূর্যর ক্যাচ বৈধ থাকছে।
কিন্তু অনেক সময়েই দেখা যায়, কখনও কখনও ফিল্ডার বাউন্ডারির বাইরে উড়ন্ত অবস্থায় একাধিকবার বলে স্পর্শ করেন। সেইভাবে ক্যাচ ধরলে সেটি আর ক্যাচ হিসাবে গণ্য করা হবে না। উলটে ব্যাটারকে বাউন্ডারি দেওয়া হবে।
বিশ্ব ক্রিকেটে ব্যাট তৈরি হয় মূলত দু'ধরণের কাঠে। ইংলিশ উইলো এবং কাশ্মীরি উইলো। এরমধ্যে হালকা ও টেকসই হওয়ায় ইংলিশ উইলো দিয়ে তৈরি ব্যাটের চাহিদা সবসময়ই বেশি থাকে। কিন্তু পরিবেশগত কারণে এই কাঠ এখন আর ততটা সহজলভ্য নয়। ফলে ক্রমেই দাম বাড়ছে ব্যাটের।
একটা ভালো ইংলিশ উইলো ব্যাটের দাম এখন লক্ষাধিক টাকা। পরিস্থিতির কথা মাথায় রেখে ল্যামিনেটেড ব্যাট ব্যবহারের অনুমতি দিয়েছে এমসিসি। এই ধরণের ব্যাটে ইলিংশ উইলোর সঙ্গে অন্য কোনও সস্তা কাঠ ব্যবহার করা হয়। সাধারণভাবে এই ব্যাটকে 'টাইপ ডি' বলে।
এতদিন জুনিয়র পর্যায়ে এই ব্যাট ব্যবহারের অনুমতি ছিল। এবার থেকে অপেশাদার ক্রিকেটে তা কার্যকর হবে। তবে পুরোটাই নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডের উপর। এমসিসি-র বক্তব্য, সাধারণ ব্যাটের দাম বেড়েছে। এই পরিস্থিতিতে পারফরম্যান্সে তেমন প্রভাব না ফেলে ব্যাটের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার জন্যই এমন সিদ্ধান্ত।
পাশাপাশি আরও কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। নতুন আইনে বলা হয়েছে, শুধুমাত্র ব্যাটার শট খেলার পর তাঁর ব্যাট বা শরীরের কোনও অংশ ভারসাম্য হারিয়ে উইকেটে আঘাত করলে তা হিট উইকেট হিসাবে গণ্য করা হবে। তবে যদি কোনও ফিল্ডারের সঙ্গে ধাক্কা খেয়ে ব্যাটার উইকেটে পড়ে যান বা ব্যাট উইকেটে লাগে, সেক্ষেত্রে আউট হবে না।
আবার ডেড বলের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আম্পায়ারদের দিয়েছে এমসিসি। এতদিন মূলত কিপার বা বোলারের হাতে বল থাকায় সময় ডেড বলে হয়েছে বলে মনে করা হত। নতুন নিয়মে বল যদি কোনও ফিল্ডারের হাতে বা মাটিতে পড়ে থাকে আর আম্পায়ার মনে করেন খেলা চলার সম্ভাবনা নেই, তিনি ডেড বল ঘোষণা করতে পারবেন।
Published By: Anwesha AdhikaryPosted: 03:10 PM Feb 04, 2026Updated: 03:10 PM Feb 04, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
