Advertisement
ব্যাকগ্রাউন্ড ডান্সার থেকে সিনেমা সিরিজে বাজিমাত, লাইমলাইট ছিনিয়ে সুপারস্টার যাঁরা
ফিল্মি কেরিয়ারের সফল জার্নির নেপথ্যে রয়েছে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কেরিয়ারের সূচনা। দীপিকা পাডুকোন থেকে শাহিদ কাপুর সহ আর কারা রয়েছেন এই তালিকায়?
বলিউডের মস্তানি বা রানি পদ্মাবত কিংবা আন্তর্জাতিক রেড কার্পেট দখল করার আগে খুব অল্প সময়ের জন্য মডেলিং এবং ব্যাকগ্রাউন্ড পারফর্মার হিসেবে কাজ করেছিলেন দীপিকা পাডুকোন। হিন্দি থেকে দক্ষিণী ছবির নায়িকা হিসেবে পর্দা কাঁপালেও আজও দীপিকার অনুরাগীরা ভোলেননি হিমেশ রেশমিয়ার 'আপ কা সুরুর' এ তাঁর উপস্থিতি।
দক্ষিণ ভারতীয় ছবির উল্লেখযোগ্য নাম কাজল আগরওয়াল। বলিউডেও দু-একটি কাজ করেছেন। তবে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার কাজলের প্রথম কাজ ঐশ্বর্য রাই বচ্চনের 'কিউ..! হো গ্যায়া না' র 'উলঝানে' গানে। সেই সময় অবশ্য সেভাবে কারও নজরেই আসেননি দক্ষিণী সুন্দরী কাজল।
বলিউডের একজন সফল অভিনেত্রী হিসেবে নিঃসন্দেহে যাঁর নাম উঠে আসে তিনি দিয়া মির্জা। 'রহেনা হ্যায় তেরে দিল মে' ছবির মাধ্যমে লাইমলাইট ছিনিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। অভিনয় অভিষেকের আগে ব্যাকগ্রাউন্ড পারফর্মার হিসেবেও কাজ করেছিলেন। একটি জনপ্রিয় তামিল ছবির গানে নজর কেড়েছিলেন দিয়া। মজার বিষয়, সেই পারিশ্রমিক দিয়েই তিনি তাঁর প্রথম মডেলিং পোর্টফোলিও তৈরি করেছিলেন।
ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে যাঁরা কেরিয়ার শুরু করেছিলেন সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী ডেইজি শাহ। কোরিওগ্রাফার গণেশ আচার্যর সহকারী হিসেবে কাজ করেছেন। এছাড়াও 'রহেনা হে তেরে দিলমে' তে 'বোলো বোলো ক্যায়া বাত হুই' গানে পারফর্ম করেছিলেন ডেইজি। ধীরে ধীরে মডেলিং, আইটেম নাম্বার এবং পরে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান।
অভিনয়ে পা রাখার আগে বঙ্গতনয়া মৌনী রায়ও ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে কাজ করেছেন। 'রান' ছবির 'নেহি হোনা নেহি হোনা' গানে এক ঝলক দেখা মিবলেছিল মৌনীর। সেখান থেকেই টেলিভিশনের একজন পরিচিত মুখ হয়ে ওঠেন এবং পরে ব্রহ্মাস্ত্র র হাত ধরে চলচ্চিত্র জগতে এন্ট্রি নেন মৌনী রায়।
শমিক দাভরের নেতৃত্বে নাচের প্রশিক্ষণ নিয়েছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আইফা অ্যাওয়ার্ডসের মঞ্চে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে পারফর্ম করেছিলেন। 'ধুম ২' র টাইটেল ট্র্যাকেও ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও ২০০৬ সলে কমনওয়েলথ গেমসে ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার সুযোগও পেয়েছিলেন। একজন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার থেকে বলিউডের প্রধান অভিনেতা হয়ে ওঠার এই যাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
অভিনেতা আরশাদ ওয়ারসির বাস্তব জীবনের গল্প হার মানাবে বলিউডি ছবির স্ক্রিপ্টকেও। ছোটবেলাটা কেটেছে চরম আর্থিক কষ্টে। কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখতেই আকবর সামির নেতৃত্বে একটি ডান্স গ্রুপে যোগ দেন এবং নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার হিসেবে কাজ শুরু করেন। এমনকী 'রূপ কি রানি চোরে কা রাজা' র টাইটেল ট্র্যাকও কোরিওগ্রাফ করেছিলেন মুন্নাভাইয়ের সার্কিট।
রণবীর সিং, তিনি কখনও বাজিরাও তো কখনও আবার বেফিকরে। এখন অবশ্য হামজা আলির চরিত্রে বক্স অফিস কাঁপাচ্ছে 'ধুরন্ধর'। আজকের সুপারস্টার রণবীরের কেরিয়ারের শুরু কই মিল গ্যায়া সিনেমার 'ইটস ম্যাজিক' আর 'কভি খুশি কভি গম' র 'বলে চুরিয়া' গানে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেছিলেনপর্দার 'সিম্বা'।
'মির্জাপুর' র কালিন ভাইয়া হিসেবে একডাকে যিনি পরিচিত তিনি আর কেউ নন, পঙ্কজ ত্রিপাঠী। ওটিটিতে তাঁর দুরন্ত অভিনয় দর্শকমহলে প্রশংসিত। কিন্তু, একটা সময় ব্যাকগ্রাউন্ড পারফর্মার হিসেবে কাজ করেছেন। ওমকারা ছবির নমক গানেই রয়েছে সেই ঝলক। তখন থেকেই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরির লড়াই শুরু। বর্তমানে তিনি যে সফল অভিনেতাদের মধ্যে একজন সে কথা বলার অপেক্ষাই রাখে না।
বলিউডের 'চকোলেট বয়' ইমেজ ভেঙেচুরে কবীর সিংয়ের মতো চরিত্রেও ছক্কা হাঁকিয়েছেন। এছাড়াও ফিল্মি কেরিয়ারে একাধিক হিট ছবির নায়ক হিসেবে দর্শকের দরবারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি বলিউডের সফল অভিনেতা শাহিদ কাপুর। 'ব্যাকগ্রাউন্ড ডান্সার' হিসেবে কেরিয়ার শুরু। 'দিল তো পাগল হ্যায়', 'তাল'এরমতো বলিউডের সুপারহিট ছবির গানে 'ব্যাকগ্রাউন্ড ডান্সার' হিসেবে কাজ করার পরই 'ইশক ভিশক' ছবিতে 'বিগ ব্রেক' শাহিদের।
Published By: Kasturi KunduPosted: 05:51 PM Apr 14, 2026Updated: 05:55 PM Apr 14, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
