Advertisement
'দেশু ৭' শুটে ফের কাছাকাছি! ত্রিকোণ প্রেমেই ভেঙেছিল দেব-শুভশ্রীর 'পরাণ'?
শুভশ্রীর প্রেমে জ্বলেছে 'রোমিও' দেবের পরাণ! ফিরে দেখা জুটির এক দশকের রোম্যান্টিক দিনগুলি।
একসময়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রেমে দেব ছিলেন 'পাগলু'! তবে সেই 'পরাণ যায় জ্বলিয়া' পর্ব বহু আগেই অতীত হয়েছে। মান-অভিমান, বিতর্ক পেরিয়ে 'ধূমকেতু'কে মুক্তির আলো দেখাতে এক দশক বাদে একফ্রেমে ধরা দিয়েছিলেন। পঁচিশ সালে যে পুনর্মিলন সাড়া ফেলে দিয়েছিল বক্স অফিস থেকে ভক্তমহলে। এবার পুজোর পর্দায় ফের দেশু ম্যাজিক দেখার অপেক্ষা।
সেই 'পরাণ যায় জ্বলিয়া'র মাখোমাখো প্রেম থেকে 'ধূমকেতু'র অবতরণ। মাঝখানে কেটেছে প্রায় একদশক। বদলেছে সম্পর্কের সমীকরণ। তবুও অনুরাগীরা প্রশ্ন করে গিয়েছেন, 'মিলন হবে কত দিনে?' অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি 'দেশু ৭'-এর প্রচারঝলকে নস্ট্যালজিয়া উসকে দিয়েছেন দেব-শুভশ্রী। আর প্রাক্তন জুটির প্রত্যাবর্তনেই আবারও নস্ট্যালজিয়ার সরণি বেয়ে ভক্তরা হারিয়ে যেতে চাইছেন তাঁদের রোম্যান্সের দিনগুলিতে।
সেই প্রেক্ষিতেই 'দেশু ৭' পুজোর পর্দা কাঁপানোর প্রাক্কালে ফিরে দেখা যাক দেব-শুভশ্রীর রোম্যান্টিক দিনগুলি। ২০০৯ সালে রাজ চক্রবর্তীর হাত ধরে 'চ্যালেঞ্জ' ছবিতে জুটি বাঁধেন দেব-শুভশ্রী। সেই নতুন জুটিকে দেখে ভালোবাসায় ভেসে গিয়েছিলেন বাংলার দর্শকমহল। তারকাজুটি মোটে ৬টি সিনেমা করলেও তাঁদের অনস্ক্রিন রোম্যান্স থেকে অতীতের প্রেম স্মৃতিতে আজও বুঁদ ভক্তরা।
'চ্যালেঞ্জ' হিট করার পর সেবছরই দেব-শুভশ্রী জুটিকে নিয়ে রাজ উপহার দিলেন 'পরাণ যায় জ্বলিয়া'। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে সেই সিনেমা। শোনা যায়, এই ছবির শুটিংয়েই নাকি কাছাকাছি আসেন দেব-শুভশ্রী। এরপর প্রেম শুরুয়াত।
বিদেশের লোকেশনে রোম্যান্টিক গানে দেব-শুভশ্রীর মাখোমাখো রোম্যান্স, নাচ, এই সবকিছুর সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী খোদ। কখনও বোটে ভেসে, কখনও ভুট্টা খেতে, আবার কখনও বাইকে কপোত-কপোতির রোম্যান্স দেখে হেসেছিলেন, কেঁদেছিলেন দর্শক।
এরপর ২০১১ সালে 'রোমিও' এবং ২০১২ সালে 'খোকাবাবু'। বাস্তবের প্রেম পর্দায় ফুটিয়ে তুললেন দেব-শুভশ্রী। সেসময়ে একে-অপরকে না দেখলেই 'পরাণ যায় জ্বলিয়া' পরিস্থিতি জুটির। অনুরাগীরাও দিন গুনছেন- এই বুঝি, দেব-শুভশ্রী সকলকে চমকে দিয়ে বাগদানটা সেরে নেন।
কেউ কেউ তো আবার রটিয়েও দেয়, তাঁরা নাকি গোপনে বিয়ে করেছেন। সেসবে অবশ্য দেশু জুটির ভক্তরা উচ্ছ্বসিতই হয়েছিল। তাই রটনা-ঘটনা বাছবিচার করেননি তাঁরা। কিন্তু এরপরই সম্পর্কে মরচে ধরে। টলিপাড়াজুড়ে গুঞ্জন শুরু হয়, ত্রিকোণ প্রেমে দেব-শুভশ্রীর সম্পর্কে চিড় ধরেছে!
ইন্ডাস্ট্রির অন্দরে তখন ফিসফাস, জনপ্রিয় মডেলের প্রেমে পড়েছেন দেব। ব্যাস! দাবানল গতিতে চাউড় হওয়া সে খবর পৌঁছয় শুভশ্রীর কানেও। ভাঙন শুরু সেখান থেকেই। সেসময়ে 'খোকা ৪২০' শুটিং চলছে। সেসময়ে রুক্মিণীর সঙ্গে বন্ধুত্ব গভীর হচ্ছে। আর দূরত্ব বাড়তে থাকে শুভশ্রীর সঙ্গে। সেটাই ছিল ব্রেকআপের আগে 'দেশু'র শেষ ছবি।
কাট টু ২০১৪ সাল। 'ধূমকেতু'র চিত্রনাট্যে দেব ছাড়া অন্য নায়ক বেমানান। অন্যদিকে নায়িকা হিসেবে সেসময়ে শ্রাবন্তী-প্রিয়াঙ্কার নাম শোনা গেলেও গল্পের চরিত্র অনুযায়ী শুভশ্রীকেই মনে ধরে পরিচালক-প্রযোজকের। অভিনেত্রীও রাজি। এরপর নৈনিতালে শুটিং। সেখানে দেবের নতুন 'দেবী'র উপস্থিতি থেকে আরও অনেক সমীকরণের সাক্ষী পাহাড়ি আঁকবাঁক। আজও শোনা যায়, বিয়ের শট দিয়ে এসে হাউহাউ করে কেঁদেছিলেন শুভশ্রী!
হয়তো কালের নিয়মেই আটকে ছিল 'ধূমকেতু'র ছবির মুক্তি। সব ভুলে নতুনভাবে বন্ধুর মতো মুখোমুখি হোক দেব-শুভশ্রী, এমনটাই চেয়েছিল ব্রহ্মাণ্ড। ২০২৫ সালে হলও তাই। একদশক বাদে 'ধূমকেতু'র মুক্তি উপলক্ষে প্রাক্তন জুটি বন্ধুত্বের নতুন সংজ্ঞা তৈরি করল। এবার ছাব্বিশ সালে ফের একবার পর্দা থেকে বক্স অফিস মহারণে জিততে একে-অপরের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন তাঁরা।
Published By: Sandipta BhanjaPosted: 01:42 PM Aug 22, 2026Updated: 01:42 PM Aug 22, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
